নীরব ও ইমন একসঙ্গে
একটি মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে প্রথম তাঁদের দেখা গিয়েছিল। এরপর জয়া আহসানের বিপরীতে চয়নিকা চৌধুরী নির্দেশিত একখণ্ডের নাটক এফএম সংবেদ-এ অভিনয় করেন দুজন। এবার একসঙ্গে ইমন ও নীরব কাজ করতে যাচ্ছেন একটি চলচ্চিত্রে। ছবির নাম এই তো ভালোবাসা। চলতি সপ্তাহেই ইমন ও নীরব এই তো ভালোবাসা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির পরিচালক শাহীন টুটুল। পরিচালকের এটি প্রথম ছবি।ইমন জানান, ‘নীরবের সঙ্গে বড় পর্দায় এটি আমার প্রথম কাজ। কমেডিনির্ভর রোমান্টিক এ ছবিটি নিয়ে আমরা দুজনই আশাবাদী।’ আর নীরব বললেন, ‘ছবির গল্প প্রথমে একটু অন্য রকম ছিল, কিন্তু পরিচালকের সঙ্গে ইমন ও আমি দুজনে বসে, পরামর্শ করে গল্পে অনেক পরিবর্তন আনিয়েছি। যাতে দর্শক কিছুটা বৈচিত্র্য খুঁজে পায়।’ পরিচালক শাহীন টুটুল বলেন, ‘এ ছবিতে ইমন ও নীরবের বিপরীতে আপাতত নিপুণকে চূড়ান্ত করা হয়েছে। আরও একজন নায়িকা থাকবেন। তবে কে, তা এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি আরও জানান, ২০ জানুয়ারি থেকে ছবির কাজ শুরু হবে। ছবির গানগুলোর শুটিং হবে কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানে। পরিচালক সূত্রে আরও জানা যায়, প্রথমবারের মতো এ ছবির শিরোনাম সংগীতে সুর ও কণ্ঠ দিয়েছেন তৌসিফ।