
সবখানে ততক্ষণে খবর পৌঁছে গেছে। কবি সৈয়দ শামসুল হক নেই। ডেইলি স্টার ভবনে তখন শুরু হবে কানন দেবীর গান। শিল্পী ও অতিথিরা প্রয়াত কবির সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করলেন এক মিনিট। এরপর শুরু হলো কানন দেবীর গাওয়া গানগুলো নিয়ে অনুষ্ঠান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টার-এর এ এস মাহমুদ মিলনায়তনে ছিল আয়োজনটি। কানন দেবী একাধারে গাইতেন, অভিনয়ও করতেন। তাঁর সময়ে শুরু হয়ে গিয়েছিল সবাক চলচ্চিত্রের যুগ। ফলে ক্যামেরার সামনে একই সঙ্গে অভিনয় ও গান করতে হয়েছে তাঁকে। সেই গানগুলো পেয়েছে কিংবদন্তির মর্যাদা। এ অনুষ্ঠানে সে রকমই একগুচ্ছ গান গেয়ে শোনান ডালিয়া নওশিন, বদরুননেসা ডালিয়া, তানজীন তমা, জাহাঙ্গীর আলম ও রাইসা ইসলাম।
একটি রবীন্দ্র ও একটি নজরুলসংগীত দিয়ে শুরু করে কানন দেবীর নয়টি ছবি থেকে বাছাই করা বেশ কিছু গান শোনান শিল্পীরা। এগুলোর মধ্যে ছিল ‘যদি ভালো না লাগে তো দিও না মন’, ‘আমি বনফুল গো’, ‘ওগো সুন্দর মনের গহনে’, ‘ফেলে যাবে যদি জানি জানি’। যখন যে গান, বড় পর্দায় তখন চলছিল কানন দেবীর সংশ্লিষ্ট সিনেমার সাদা-কালো ভিডিও। গানের ফাঁকে ফাঁকে ছিল কথা।
উপস্থিত দর্শকদের মধ্য থেকে নৃত্যশিল্পী ও গীতিকার আমানুল হক বলেন, ‘চল্লিশের দশকে আমার সুযোগ হয়েছিল কানন দেবীর সিনেমা দেখার। স্কুল পালিয়ে আমরা সেসব ছবি দেখতাম। একটি গানের জন্য বারবার মেজদিদি ছবিটা দেখেছিলাম।’
কানন দেবীর জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে এ আয়োজন করেছিল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর স্টার মেলোডিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিকটির সংস্কৃতি ও বিনোদন বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক।