নীরবে ঢাকা ঘুরে গেলেন সনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একরকম নীরবেই ঢাকায় গান করে চলে গেলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম। আজ শনিবার সকাল নয়টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।ঢাকার স্থানীয় একটি ক্লাবের জন্য গান গাইতে গতকাল দুপুরে ঢাকায় এসেছিলেন সনু নিগম। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগমকে ঢাকায় আনার ব্যাপারে সহযোগিতা করেছে আয়োজক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্রেইন বক্স। এ প্রতিষ্ঠানের পরিচালক ফরহাদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল দুপুরে ঢাকায় এসে বিশ্রামের জন্য সনু নিগম সরাসরি চলে যান তাঁর জন্য নির্ধারিত হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যার পর গুলশান ক্লাবে গান করতে হাজির হন।’জানা গেছে, গুলশান ক্লাবের আয়োজনে সনু নিগমের ঘরোয়া এই কনসার্টে প্রায় দেড় হাজারের মতো দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। তিন ঘণ্টার অধিক সময় ধরে চলা এই অনুষ্ঠানে সনু নিগম তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। সনু নিগমের গানের অনুষ্ঠান উপভোগ করতে বাংলাদেশের সংগীতজগতের অনেক তারকাশিল্পীও উপস্থিত ছিলেন। ভারতের হরিয়ানা প্রদেশের ফরিদাবাদে ১৯৭৩ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন সনু নিগম। মাত্র চার বছর বয়সেই সনু নিগম তাঁর সংগীত জীবন শুরু করেন। সংগীতের আকাশে নিজেকে বড় পরিসরে মেলে ধরার জন্য ১৯ বছর বয়সে বাবার সঙ্গে চলে যান মুম্বাইয়ে। ২০০৪ সালে ‘কাল হো না হো’ ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সনু। এ ছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, জি সিনে অ্যাওয়ার্ড, এমটিভি স্টাইল অ্যাওয়ার্ডস, আনন্দলোক অ্যাওয়ার্ডসসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। গানের পাশাপাশি সনু নিগম বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি ভারতের বিভিন্ন টিভি রিয়েলিটি শোর বিচারকের দায়িত্বও পালন করেছেন।