নীরবেই ঢাকা ঘুরে গেলেন সুপ্রিয়া দেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিয়া দেবী
সুপ্রিয়া দেবী

প্রায় নীরবেই ঢাকা ঘুরে গেলেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের আমন্ত্রণে তিনি ঢাকায় এসেছিলেন। আজ সোমবার বিকাল সাড়ে চারটার ফ্লাইটে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।
সুপ্রিয়া দেবীকে নিয়ে বিশেষ একটি গানের অনুষ্ঠান নির্মাণ করেছে চ্যানেল আই। এতে সুপ্রিয়া অভিনীত বিভিন্ন ছবির গান গেয়ে শোনাবেন বাংলাদেশের সংগীতাঙ্গনের নবীন ও প্রবীণ শিল্পীরা।
ঢাকা ছাড়ার আগে প্রথম আলোকে সুপ্রিয়া দেবী জানান, এর আগেও তিনি দুবার ঢাকায় এসেছেন। বাংলাদেশকে তিনি নিজের করে ভাবতে বেশি পছন্দ করেন।
কলকাতার চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্ম মিয়ানমারে। তাঁর বাবা আইনজীবী গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সপরিবারে মিয়ানমার থেকে ভারতে চলে যান। সেই থেকে তাঁরা কলকাতায় বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তাঁর ঝোঁক ছিল। মাত্র সাত বছর বয়সে সুপ্রিয়া দেবীর অভিনয়ে অভিষেক ঘটে।

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর ওঠাবসা। এই সময়ে তিনি বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘সূর্য শিখা’, ‘মধ্য রাতের তারা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘নতুন ফসল’, ‘বসু পরিবার’, ‘দেবদাস’, ‘তিন অধ্যায়’, ‘দুই পুরুষ’, ‘শেষ ঠিকানা’, ‘হানিমুন’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’ উল্লেখযোগ্য।
বাংলা চলচ্চিত্রের মহানায়কখ্যাত উত্তম কুমারের সঙ্গে জুটি হয়ে উপহার দিয়েছেন কালজয়ী বেশ কয়েকটি ছবি। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে। জুটি হিসেবে উত্তম-সুপ্রিয়া যেমনটা আলোচনায় ছিলেন, ঠিক তেমনি তাঁদের ব্যক্তিগত জীবনটাও ছিল বেশ আলোচনায় ভরা। বয়স আশি পেরোলেও এখনো ছোট ও বড় পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি।