নীরেন্দ্রময় কাব্যসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে গতকাল কবিতা নিয়ে আলোচনা করেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পাশে অধ্যাপক আনিসুজ্জামান ও আবুল হাসনাত, ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে গতকাল কবিতা নিয়ে আলোচনা করেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পাশে অধ্যাপক আনিসুজ্জামান ও আবুল হাসনাত, ছবি: প্রথম আলো

বক্তৃতা শুনতে ঘর ভরা লোক? তাও আবার কবিতা নিয়ে বক্তৃতা! বিস্মিত হওয়ার মতোই। তবে গতকাল শনিবার সন্ধ্যায় শুধু ঘর ভরাই নয়, আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে থেকেও নিবিষ্ট মনে শ্রবণ করেছেন ‘বাংলা কবিতার দিকদিগন্ত’ নামের আলোচনা। শ্রোতাদের এই আগ্রহ বক্তা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেই। গতকাল শনিবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে তিনি এই একক বক্তৃতা দেন সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর আয়োজনে।

কবিতার অনুরাগীমাত্রই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরাগী হবেন তা নয় হয়তো, তবে তাঁর কবিতার সঙ্গে পরিচয় থাকাই স্বাভাবিক। ‘অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল’—কোন পাঠক ভুলবে তাঁর এই পঙিক্ত। আর কবিতার ক্লাস বা কবিতার কী ও কেন বই দুটি কবিযশোপ্রার্থী নবীন লিখিয়েদের অনেকের কাছেই এখনো অবশ্যপাঠ্য। তাই তাঁর সামনে বসে কবিতা নিয়ে তাঁর মুখ থেকে কিছু কথা শোনার সুযোগ হাতছাড়া করেননি কবি ও কাব্যানুরাগীরা।

কবিতা নিয়ে আলোচনার আবহ সৃষ্টি করেছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় কবির ‘নিজের কাছে স্বীকারোক্তি’ কবিতাটি আবৃত্তি করে। পরে তিনি আরও দুটি কবিতা আবৃত্তি করেন। এরপরই মূল আলোচনা। তবে এর আগে শ্রোতাদের স্বাগত জানান কালি ও কলম সম্পাদক আবুল হাসানাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর আলোচনা কেন্দ্রীভূত রেখেছিলেন মূলত কবিতার কাছে আমাদের কী প্রত্যাশা—এই বিষয়ে। বলেছেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই। ‘সাকুল্যে তিনজন’ নামে তাঁর একটি কবিতা পাঠ করে সেই সূত্রেই আলোচনা শুরু করেছিলেন তিনি। নিজের কবিতা প্রসঙ্গে বলেছেন, পরিবারগুলো এখন ছোট হয়ে যাচ্ছে। আগের সেই বড় যৌথ পরিবার আর নেই। চারপাশে প্রতিনিয়তই অনেক ঘটনা ঘটে চলে, পরিবর্তন হয়। চারপাশের প্রবহমাণ জীবনযাত্রা, সংসারের দুঃখ, সুখ ঠোঁটের কোণে আনন্দের হাসি, চোখের কোণে চিকচিক করে ওঠা বিষাদের অশ্রুবিন্দু—এসবই তিনি কবিতায় তুলে ধরেন। কবিতার জন্য তাঁর আলাদা করে কোনো কল্পনার প্রয়োজন হয় না। বলেন, ‘আমি কল্পনাপ্রবণ মানুষ নই।’

কবিতার কাছে আমরা কী পাই? তিনি বলেন, ‘কবিতা না পড়েও সজ্জন হতে অসুবিধা নেই। ভালো থাকতেও অসুবিধা নেই। না পড়লে দোষেরও কিছু নেই। তবে যাঁরা কবিতার কাছে কিছু প্রত্যাশা নিয়ে হাত বাড়িয়ে রাখেন, তাঁরা তিনটি জিনিস পেয়ে থাকেন।

প্রথমত; আনন্দের সমর্থন। কোনো ঘটনা, বিষয় বা দৃশ্য দেখে আমরা যখন আনন্দিত বোধ করি, তখন সেই আনন্দকে আরও গভীর, আরও হূদয়গ্রাহী করে তোলে কবিতা। কবিতার পাঠকেরা এই আনন্দ লাভ করেন।

দ্বিতীয়ত; শোকের সান্ত্বনা পাওয়া যায় কবিতা থেকে। গভীরতম বেদনার মুহূর্তে যখন বন্ধু বা আত্মীয়স্বজন কারও কথাতেই শোকের প্রশমন ঘটে না, তখন কবিতার পাঠকেরা সেই প্রত্যাশিত সান্ত্বনা পেয়ে থাকেন কবিতার কাছ থেকে।

তৃতীয়ত; সংগ্রামরত থেকে যখন আমরা ভগ্ন মনোরথ, ক্লান্ত হতোদ্যম হয়ে পড়ি, তখন পুনরায় উদ্যমী হয়ে লড়াই চলিয়ে যেতে কবিতা সাহস জোগায়।’

কবি অনেক উদাহরণ দিয়ে কবিতার কাছে এই তিন প্রাপ্তির প্রতি যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, এ কারণেই যাঁরা কোনো দিনই কবিতার প্রতি হাত বাড়ালেন না, তাঁদের চেয়ে যাঁরা কবিতার কাছে পাওয়ার প্রত্যাশা করলেন, তাঁরা ভাগ্যবান। এই প্রত্যাশীদের যদি কারও কোনো প্রত্যাশার সঙ্গে কবির কোনো কবিতার কোনো পঙিক্ত মিলে যায়, তবেই সেই কবিতা ও কবি সার্থক।

কবিকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ‘কবির মুখে কবিতা নিয়ে এই আলোচনা-সন্ধ্যাটি আমাদের দীর্ঘকালের আনন্দের স্মৃতি হয়ে থাকবে।’