নীলুফার ইয়াসমীনকে নিয়ে তথ্যচিত্র ও বই
সংগীতশিল্পী নীলুফার ইয়াসমীনকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন ফাহমিদা মুন্নী। নাম দিয়েছেন সুরের স্বজন। এ ছাড়া বরেণ্য এই শিল্পীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত হয়েছে স্মৃতিচারণামূলক বই কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন। তথ্যচিত্রের ডিভিডি এবং বইটি একই সঙ্গে প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ বিকেলে বই এবং তথ্যচিত্রের ডিভিডির মোড়ক খোলার আয়োজন করা হয়েছে বেঙ্গল শিল্পালয়ে। মোড়ক খুলবেন সাবিনা ইয়াসমীন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। শেষে থাকছে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গানের অনুষ্ঠান।মুন্নী বলেন, ‘নীলুফার ইয়াসমীন ছিলেন একজন নিভৃতচারী মানুষ। আমি এই তথ্যচিত্রে তাঁর জীবন ও সুরের সাধনাকে তুলে ধরতে চেয়েছি। এই তথ্যচিত্রের কাজ করতে গিয়ে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কোনো খ্যাতি পাওয়ার চেষ্টা বা ইচ্ছা তাঁর ছিল না। সুরকে ভালোবেসে তিনি সাধনা করে গেছেন। শিল্পী হতে চেয়েছেন।’জানালেন, তথ্যচিত্রটির কাজ শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে। এই তথ্যচিত্রে রয়েছে নীলুফার ইয়াসমীনের ব্যক্তিগত ও সংগীতজীবন, তাঁর পরিবারের কথা, তাঁর প্রাপ্তি, বোনদের প্রসঙ্গ, শিক্ষকতা জীবন, মৃত্যুর পর তাঁকে নিয়ে খুব কাছের মানুষদের মন্তব্য। তাঁর নিজের গাওয়া কিছু গানও রয়েছে এতে।