নীহাররঞ্জন গুপ্তের ‘হসপিটাল’-এ মাহফুজ
ডা. নীহাররঞ্জন গুপ্তের হসপিটাল উপন্যাসটি নিয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে টেলিছবি। নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। চিত্রনাট্য লিখছেন অরুণ চৌধুরী। এতে শৈবাল চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে মাহফুজ আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। শর্বরী চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রয়েছে অভিনেত্রী জয়া আহসানের। আগামী মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে।মাহফুজ আহমেদ বলেন, ‘ডা. নীহাররঞ্জন গুপ্তের অসাধারণ উপন্যাসের একটি হসপিটাল। অসংখ্যবার এটি পড়া হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে হসপিটাল উপন্যাসটি নিয়ে নির্মিত চলচ্চিত্রটি আমার ভালো লাগেনি।’মাহফুজ আরও বলেন, ‘খুবই ভালো লাগছে ডা. নীহাররঞ্জন গুপ্তের উপন্যাসে কাজ করতে পেরে। আমার চেষ্টা থাকবে শৈবাল চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার।’ ছবিটি সম্পর্কে চয়নিকা চৌধুরী বলেন, ‘ডা. নীহাররঞ্জন গুপ্তের হসপিটাল বেশ কয়েকবার পড়েছি। ক্লাস সিক্সে পড়ার সময় ছায়াছবিটি দেখেছিলাম। তবে নির্মাণের ক্ষেত্রে আমি শুধু মূল গল্পটিকে অনুসরণ করছি। ছবিতে কী হয়েছে সেটা নিয়ে ভাবছি না।’ তিনি আরও বলেন, ‘আমি হসপিটালের সবকিছু ঠিক রেখে শুধু বর্তমান সময়ের উপযোগী করে তৈরির চেষ্টা করব।’উল্লেখ্য, ডা. নীহাররঞ্জন গুপ্তের হসপিটাল উপন্যাসটি নিয়ে ১৯৬০ সালে নির্মিত হয়েছিল চলচ্চিত্র হসপিটাল। সুশীল মজুমদার পরিচালিত ওই ছবিতে শৈবাল চরিত্রে অশোক কুমার ও শর্বরী চরিত্রে সুচিত্রা সেন অভিনয় করেছিলেন।এবার হসপিটাল টেলিছবিটি ঈদে দেখানো হবে এটিএন বাংলায়।