নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ছুটির দিন ২০১২ সালের এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার বিতরণী সম্পন্ন হলো শিশু একাডেমী মিলনায়তনে। আয়োজনের প্রস্তুতি যেমন ছিল, পরিস্থিতির বাস্তবতায় তার কাটছাঁট করতে হলো। ঘণ্টা দেড়েকের মধ্যেই শেষ করা হলো আনুষ্ঠানিকতা।বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রবাসী সরকারের প্রথম সংস্থাপনসচিব দেশের তৈরি পোশাকশিল্পের পথিকৃৎ এম নুরুল কাদেরের নামে প্রবর্তিত হয়েছে এই পুরস্কার। শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৯৯ সাল থেকে যাত্রা শুরু করে এম নুরুল কাদের ফাউন্ডেশন। দেশব্যাপী শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন, গল্প লেখা, বই পড়াসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনার পাশাপাশি ২০০০ সাল থেকে প্রবর্তন করা হয় শিশুসাহিত্য পুরস্কার।গতকাল চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল গানের সঙ্গে শিশুশিল্পীদের সমবেত নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আরও কয়েকটি নৃত্য পরিবেশন করে শিশুরা। তারপর সরাসরি পুরস্কার বিতরণী। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্ত শিশুদের হাতে ক্রেস্ট, বিশেষ অতিথি কবি আসাদ চৌধুরী সনদ এবং ছড়াকার আখতার হুসেন সম্মাননার ১৫ হাজার টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সম্পাদক মোস্তফা হোসেইন।মহান মুক্তিযুদ্ধে অনেক শিশু-কিশোরই অংশ নিয়েছিলেন, এমনকি সম্মুখ সমরেও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন তাঁরা। তাঁদেরই একজন ব্রাহ্মণবাড়িয়ার আবু সালেক। ষষ্ঠ শ্রেণীতে পড়তেন তিনি তখন। সম্মুখ সমরে অংশ নিয়ে বীর প্রতীক খেতাব পেয়েছেন তিনি। অনুষ্ঠানের শুরুতে সেই বীরযোদ্ধা আবু সালেককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তিনি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতীক হিসেবে শিশু কাব্যর হাতে জাতীয় পতাকা তুলে দেন। এরপর মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ রহস্যময় প্ল্যানেট একুশ-এর জন্য সিরু বাঙালি, গদ্য শাখায় রবীন্দ্রনাথ: ছোটদের আপন গ্রন্থের জন্য রাশেদ রউফ, ছড়ায় ছড়ার বুড়ি থুত্থুড়ির জন্য সোহেল মল্লিক এবং প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত সেলিনা হোসেনের কিশোর উপন্যাস নদীটির ঘুম ভেঙেছে-এর প্রচ্ছদ ও অলংকরণের জন্য শিল্পী মাসুক হেলালকে এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া গল্প ‘উড়াল বালক’-এর জন্য ফাউন্ডেশনের অন্য একটি পুরস্কার এম নুরুল ইমাম খান পুরস্কার দেওয়া হয় সাহিত্যিক মোহিত কামালকে।শেষে ছিল চিত্রাঙ্কন ও বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার বিতরণী। অনুষ্ঠানটি সঞ্চালনা করে শিশুশিল্পী কথামণি ও রাত্রি।বেঙ্গলে বিশেষ প্রদর্শনী শুরুপ্রাকৃতিক রংজাত পণ্যের প্রতিষ্ঠান অরণ্য ক্রাফটসের বসন্তকালীন সংগ্রহ নিয়ে গতকাল শুক্রবার ‘অরণ্যে বসন্ত’ শীর্ষক বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সকালে বেঙ্গল শিল্পালয়ে নয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি মনিরা এমদাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনী ১৩ এপ্রিল পর্যন্ত চলবে।গ্যালারি ২১-এর নবযাত্রানতুন করে আবার যাত্রা শুরু করেছে গ্যালারি ২১। দীর্ঘ এক যুগ বিরতির পর ধানমন্ডির সাতমসজিদ সড়কে শুরু হলো এর নতুন করে যাত্রা। গতকাল অর্ধশতাধিক বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। শিল্পীদের নানা মাধ্যমের কাজের বৈচিত্র্যপূর্ণ বিষয় উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনীর উদ্বোধন করেন।প্রদর্শনীতে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, শাহাবুদ্দীন আহমেদ, শহীদ কবির, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, ফেরদৌসী প্রিয়ভাষিণী, স্বপন চৌধুরী, রণজিৎ দাস, আইভি জামান, কনকচাঁপা চাকমা, গৌতম চক্রবর্তী, শামীম সুবরানা, সুমনা হক প্রমুখের ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির সাতমসজিদ রোডের গ্যালারি ২১-এ প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।