নুহাশপল্লীতে বৈশাখী উৎসব
পয়লা বৈশাখ উপলক্ষে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শুটিংবাড়ি নুহাশপল্লীতে বসছে বর্ষবরণ উৎসব। ‘নুহাশপল্লীতে বৈশাখী উৎসব’ শিরোনামে এ আয়োজনে সারা দিন থাকবে নানা অনুষ্ঠান। বৈশাখের প্রথম দিন গাজীপুরের নুহাশপল্লীতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে নাগরদোলা, সাপের খেলা, চরকি, বানরের খেলা, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা, বাউলগান, জাদু প্রদর্শনীসহ আরও অনেক কিছু। থাকবে ২০ পদের খাবারদাবার। পুরো আয়োজনে থাকবে গ্রামীণ আবহের একটা অন্য রকম প্রতিচ্ছবি। বৈশাখী উৎসব প্রসঙ্গে মেহের আফরোজ শাওন জানান, ছয়-সাত বছর ধরেই কিন্তু নুহাশপল্লীতে বৈশাখী উৎসব হয়ে আসছে। তবে এ আয়োজনগুলো হতো একেবারে পারিবারিক এবং কাছের বন্ধুবান্ধবের উপস্থিতিতে। এরপর অনেকেই বৈশাখী উৎসবটাকে আরও বড় পরিসরে করার জন্য অনুরোধ করেছিলেন। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই নুহাশপল্লীতে এবারের বৈশাখী আয়োজনটাকে আরও বর্ধিত পরিসরে করার চিন্তাভাবনা করা হয়েছে। নুহাশপল্লীতে বৈশাখী আয়োজন উপলক্ষে ছাড়া হয়েছে এক ধরনের বিশেষ কুপন। বড়দের জন্য এ কুপনের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা এবং শিশুদের জন্য ৫০০ টাকা। এর বিনিময়ে সবাই নুহাশপল্লীতে বৈশাখী উৎসবের অন্যতম অংশীদার হতে পারবে এবং পয়লা বৈশাখের দিন নুহাশপল্লীতে সব ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবে। শাওন আরও জানান, ‘বৈশাখী উৎসবের সারাটা দিন যাতে সবাই আনন্দে মেতে থাকতে পারে, তার জন্য আমরা নানা আয়োজন রাখার চেষ্টা করেছি। “শ্রাবণ মেঘের দিন” এবং “আমার আছে জল” চলচ্চিত্র দুটির প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে নুহাশপল্লীর বৈশাখী উৎসবে। আমরা আসলে এখানে নানা আয়োজনের ব্যবস্থা রেখেছি যাতে অতিথিদের মধ্যে একঘেয়েমি ভাব না আসে। এবারের বৈশাখী উৎসবে আমরা কুপনের ব্যবস্থাও করেছি। এর থেকে প্রাপ্ত সব অর্থই ময়মনসিংহের নেত্রকোনার কুতুবপুরে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে দেওয়া হবে।’