নূরুল মোমেনের জন্মদিনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান
দেশের আধুনিক নাটকের অন্যতম পথিকৃৎ নাট্যগুরু নূরুল মোমেনের ১০২তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে শিল্পকলা একাডেমীতে।একসঙ্গে জাতীয় নাট্যশালা, নিরীক্ষণ থিয়েটার, স্টুডিও থিয়েটার ও সেমিনার কক্ষে অনুষ্ঠান চলবে। বিকেল পাঁচটায় উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। শিল্পকলা একাডেমী ও অরণী মোহনা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যৌথভাবে এই আনুষ্ঠানের আয়োজন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে নূরুল মোমেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন রাজিয়া মাহবুব, আবদুল্লাহ আবু সায়ীদ, আতিকুল হক চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, আসাদুজ্জামান নূর, বিশ্বজিৎ ঘোষ, আফরোজা বানু, ইস্রাফিল শাহীন প্রমুখ। স্বাগত বক্তৃতা করবেন অরণী মোহনা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মাহমুদ এন মোমেন। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে আলোচনা, ভিডিও, আলোকচিত্র প্রদর্শনী ও নাটক। আজ উদ্বোধনী অনুষ্ঠানের পর মোহনা নাট্যম পরিবেশন করবে নূরুল মোমেনের নাটক নেমেসিস। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।নূরুল মোমেনের জন্ম ১৯০৮ সালের ২৫ নভেম্বর যশোর জেলার আফলাডাঙ্গার বুরাইচ গ্রামে। তিনি গত শতকের বিশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় নাট্যচর্চায় পথিকৃতের ভূমিকা পালন করেন। তাঁর ১৯৪১ সালে রূপান্তর ও ১৯৪৪ সালে নেমেসিস নাটক দুটিকে রবীন্দ্র-পরবর্তী এ দেশের আধুনিক নাটকের স্বীকৃতি দিয়েছেন বিদগ্ধ সমালোচকেরা। নাটক ছাড়াও তিনি রম্যরচনার ক্ষেত্রেও অন্যতম পথিকৃতের ভূমিকা রেখেছেন। ১৯৯০ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।পশ্চিমবঙ্গে অতন্দ্র পদক পেলেন অহিদুজ্জামানবাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৈয়দ অহিদুজ্জামানকে কলকাতার টালিগঞ্জ ‘অতন্দ্র সাংস্কৃতিক সংসদ’ ‘অতন্দ্র পদক’ দিয়ে সম্মানিত করেছে। ১৪ নভেম্বর এক অনুষ্ঠানে তাঁকে এই পদক দেওয়া হয়। পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গঙ্গানন্দিনী, সম্পাদক-সাংবাদিক-সাহিত্যিক বরুণ চক্রবর্তী, কবি ও নারীনেত্রী ঋতা বসু, তারক সাহা, দিলীপ মুখোপাধ্যায়, ঝিলিক চক্রবর্তীসহ পশ্চিমবঙ্গের গণ্যমান্য ব্যাক্তিরা।সৈয়দ অহিদুজ্জামানকে তাঁর নাচোল কৃষক-সাঁওতাল বিদ্রোহের ওপর নির্মিত চলচ্চিত্র নাচোলের রানী এবং সম্প্রতি নির্মিত চলচ্চিত্র গঙ্গাযাত্রার স্বীকৃতি জানিয়ে এই পদক দেওয়া হয়।সৈয়দ অহিদুজ্জামান পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে বিশেষ অতিথি হয়ে ষোড়শ কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগদানের জন্য তাঁর গঙ্গাযাত্রা ছবি নিয়ে কলকাতায় গেলে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। সৈয়দ অহিদুজ্জামান ১০ নভেম্বর সন্ধ্যায় ষোড়শ কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি উৎসবের প্রাণপুরুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৈয়দ অহিদুজ্জামান দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ একাধিক নাটক নির্মাণ করেন। তাঁর নির্মিত প্রায় সব নাটকেই ডোম, চামার, মুচি, ধোপা, সাঁওতাল, জেলে, হকারসহ সমাজের অবহেলিত মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে।