নৃত্য উৎসব চট্টগ্রামে
‘টাকডুম টাকডুম’ অবিরাম বাজছে ঢোল। অপূর্ব সেই সুর, যে সুর বাজত রমেশ শীল আর ফণী বড়ুয়ার গানে। বাজাতেন বিনয়বাঁশী জলদাস। না, এখন বাজাচ্ছেন তাঁর ছেলে বাবুল জলদাস। কান খাড়া করে শুনছেন কৌতূহলী মানুষ। আর তাই চট্টগ্রামের সবচেয়ে আধুনিক মিলনায়তন থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) সামনে শত শত মানুষের জটলা। অতিথিরা এলে বাবুল তাঁর ঢোল বাজাতে বাজাতে ঢুকে গেলেন মিলনায়তনের ভেতর। সংক্ষিপ্ত কথামালা আর সম্মাননা পর্ব শেষে শুরু হলো নাচের জলসা। একে একে ধ্রুপদী, কত্থক, ভরতনাট্যম, ওড়িশি, রবীন্দ্র, নজরুল, আধুনিক ও লোকনৃত্যে শিল্পীদের অপূর্ব সব মুদ্রা, ছন্দ-সুর-তাল-লয়, ঝলমলে পরিকল্পিত পোশাক, বর্ণালি আলোর খেলা, বৈচিত্র্যময় আধুনিকতা আর ফিউশনে পুরো মিলনায়তন ছিল উচ্ছ্বাসে ভরপুর। ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে’ স্লোগানে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গত ২৭ এপ্রিল বসেছিল এই জলসা।বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রাম ও আলিয়ঁস ফ্রঁসেস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত মঁসিয় শার্লে কোজরে। তিনি ভাঙা ভাঙা বাংলায় ‘শুভ সন্ধ্যা’ জানিয়ে শুরু করেন বক্তৃতা। এতে উঠে আসে বাংলাদেশের নৃত্যের ঐতিহ্য, সমস্যা আর সম্ভাবনা, বর্তমানে নাচ জনপ্রিয় হওয়া এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবের কথা। বিশেষ অতিথি ছিলেন এবার একুশে পদক পাওয়া নৃত্যশিল্পী লায়লা হাসান। তাঁর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি। লায়লা হাসান বলেন, ‘আমাকে যে সম্মাননা দেওয়া হলো, তা ভালোবাসার দান। নাচ একটি সর্বজনীন ভাষা। নৃত্যশিল্পীরা সব আন্দোলন-সংগ্রামে জড়িত ছিলেন। এখনো সম্পৃক্ত আছেন। আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই।’ তিনি বলেন, ‘বিয়ের পর নাচের মেয়েদের নূপুর আর ঘুঙুরের পরিবর্তে শৃঙ্খল পরানো হচ্ছে। আপনারা পুত্রবধূদের নাচতে দেবেন আশা করি।’ তিনি নাচকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করার দাবি জানান।শারমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক স্যামুয়েল ব্যার্থে, আদিল হোসেন, সাজু আহমেদ, মিনু হক, সঞ্চিতা দত্ত প্রমুখ।কাজী নজরুল ইসলামের ‘এই শিকল পরা ছল’, ‘দুর্গম গিরি’, ‘দুলিতেছে তরী’, ‘কাণ্ডারি বল ডুবিছে মানুষ’, ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানগুলোর সঙ্গে চমৎকার এক ফিউশন দিয়ে নাচের পর্ব শুরু করে সুরঙ্গমা নৃত্যাঙ্গন। জাহান আরা ফারুকের পরিচালনায় সাদা-কালো পোশাকে দারুণ নাচলেন শিল্পীরা।দ্বিতীয় নাচটি ছিল ঢাকার পল্লবী নৃত্য একাডেমির। মিনু হকের পরিচালনা ও পোশাক পরিকল্পনায় দুই ছেলে ও তিন মেয়ে পরিবেশন করলেন ধ্রুপদী নৃত্য। ভরতনাট্যম ও ওড়িশির মিশ্রণে এই ফিউশনে মুদ্রাগুলো ছিল তাক লাগানো। পুরো মিলনায়তন ঝুমঝুম আর গমগম করছিল এ সময়। তাঁরা পেলেন বিপুল করতালি।এরপর সঞ্চারী নৃত্যকলা একাডেমির পালা। স্বপন বড়ুয়ার পরিচালনায় কত্থকনৃত্যে ‘শুনি গো শুনি নূপুর ধ্বনি’ গানে শিল্পীরা তুলে ধরলেন পুরো একটি গল্প।চারুতা একাডেমি লোকনৃত্য পরিবেশন করে ফজল আমিন শাওনের পরিচালনায়। ‘আসমান আসিল জমিনে নামিয়া’ গানের সঙ্গে সুন্দর নাচলেন সাত শিল্পী।ভরতনাট্যম আঙ্গিকের ফিউশন নিয়ে মঞ্চে আসেন দ্য স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা। শুভ্রা সেনগুপ্তার পরিচালনায় মনোমুগ্ধকর ছিল ফিউশনটি।বৈশাখের আবহ নিয়ে প্রাপণ একাডেমির নাচটি ছিল একটু অন্য রকম। অনন্য বড়ুয়ার পরিচালনায় ‘বৈশাখী আসিল গাছে ফল পাকিল, পরানের বন্ধে আমার আইল না’ এবং ‘তাক ধিনা ধিন...বছর ঘুরে আবার এলো এলোরে বৈশাখ’ গানের সঙ্গে ঢোল আর একতারা নিয়ে নেচে নেচে শিল্পীরা মাতালেন পুরো মিলনায়তন। ঘুঙুর ললিতকলাকেন্দ্রের শিল্পীরা ‘আমি যে তোমার’ গানের সঙ্গে দেখালেন দারুণ অভিনয়ও। পরিচালনায় ছিলেন স্বপন দাশ। নাচ দেখে মুগ্ধ দর্শক আতোয়ার আলী খান। তিনি বলেন, ‘আমি মুগ্ধ। অনেক দিন এমন নাচের আয়োজন দেখিনি। চট্টগ্রামের নাচের সংগঠনগুলোর মধ্যে যে ঐক্য আছে, পরস্পরের প্রতি সহযোগিতা এবং সৃজনশীল প্রতিযোগিতা আছে, তা-ই দেখলাম এ উৎসবে।’ পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপনা করেন সোমা বোস।