নৃত্য উৎসব রাজশাহীতেও
‘নৃত্যের তালে তালে ঘুচাও সকল বন্ধ’ রবীন্দ্রসংগীতের সঙ্গে রাজশাহীর নৃত্যসংগঠন ধ্রুপদালোকের শিল্পীদের পরিবেশনায় বিভাগীয় শহর রাজশাহীতে গত ২৮ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নৃত্য উৎসবের শুভ সূচনা হয়। উৎসবের এবারের স্ল্লোগান ছিল, ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে’।বিকেল পাঁচটায় নৃত্যানুষ্ঠানের আগে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার দপ্তর সম্পাদক আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সুবল বোস।অনুষ্ঠানে রাজশাহীর ১১টি নৃত্যসংগঠন ১৮টি নাচ পরিবেশন করে। মূলত শাস্ত্রীয়, সৃজনশীল ও লোক-আঙ্গিকে নৃত্য পরিবেশন করা হয়। ১১ জন নৃত্যপরিচালকের অধীনে শতাধিক শিল্পী নৃত্য পরিবেশন করেন। এর মধ্যে ‘আবার আসিব ফিরে’ গানের সঙ্গে নূপুরাঞ্জলি, ‘আমার সারাটা দিন’-এর সঙ্গে উৎপত্তি নৃত্যাশ্রম, ‘এই ছোট্ট ছোট্ট পায়’-এর সঙ্গে চিত্রগীতি নৃত্যশিক্ষালয়, ‘নিভন্ত এই চুল্লীতে’র সঙ্গে স্পন্দন নৃত্যালয়, ‘আমার মাইজা ভাই’-এর সঙ্গে নিপুণ নৃত্য শিক্ষালয়, ‘সাঁওতালি মেয়ের সঙ্গে চলো বদলে যাই’-এর সঙ্গে সাংস্কৃতিক গোষ্ঠী, ‘আল্লাহ মেঘ দে পানি দে’র সঙ্গে ছন্দ নৃত্যগোষ্ঠী ও ‘মোর বীণা ওঠে’র সঙ্গে ধ্রুপদালোকের পরিবেশনা সবার নজর কাড়ে। এ ছাড়া বেশ কয়েকটি নৃত্য কম্পোজিশন পরিবেশন করে নৃত্যকথা ড্যান্স একাডেমি ও দোলানো নৃত্যগোষ্ঠী। নৃত্যানুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক শহীদুল ইসলাম।