
ঢাকার যানজট সময়মতো পৌঁছতে দিল না ধানমন্ডির শংকরে। একটু দেরিতে পৌঁছে দেখা গেল, মিলনায়তন ভরে গেছে। সবাই ভিড় করেছে শাস্ত্রীয় নৃত্য দেখতে।
ছায়ানট আয়োজিত এ নৃত্য উৎসবে পরিবেশিত হয় মণিপুরি, ওডিশি, ভরতনাট্যম, গৌড়ীয় নৃত্য ও কত্থক। মফিদুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। প্রথমে মণিপুরি নাচ করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া রশীদ ও ছায়ানটের শিক্ষার্থীরা।
এরপর নৃত্য পরিবেশন করেন সিলেটের শান্তনা দেবী। মণিপুরি নাচে ‘দশাবতার’ দেখাচ্ছিলেন। ছায়ানট মিলনায়তনের দ্বাররক্ষী ভিড় দেখে পরামর্শ দিলেন বাইরে বসতে। সেখানে প্রজেক্টরে অনুষ্ঠান দেখার ব্যবস্থা আছে। অগত্যা তা-ই করতে হলো।
মণিপুরি নাচ পরিবেশন করে সুইটি দাশ, ধৃতি নর্তনালয় দলও। সামিনা হোসেন প্রেমা দেখান শুক-শারি দ্বন্দ্ব। তামান্না রহমান ও তাঁর দল করেন ঢোল-করতাল চলম।
ওডিশি নাচ নিয়ে মঞ্চে আসেন চট্টগ্রামের প্রমা অবন্তি। এরপর ভরতনাট্যম পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা। এ পর্বে আরও ছিল সৃষ্টি কালচারাল সেন্টার, তামান্না রহমান তন্দ্রা ও জাগো আর্ট সেন্টারের পরিবেশনা। অমিত চৌধুরী পরিবেশন করেন ‘শিবপদম’।
গৌড়ীয় নৃত্য পরিবেশন করেন র্যাচেল প্রিয়াংকা। শেষ পর্বে কত্থক নাচ করেন মুনিরা পারভীন হ্যাপি, কত্থক নৃত্য সম্প্রদায়, মেহরাজ হক তুষার, মুনমুন আহমেদ ও তাঁর দল।