নৃত্য উৎসবের সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্য উত্সবের সমাপনী অনুষ্ঠানে শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা । ছবি: প্রথম আলো
নৃত্য উত্সবের সমাপনী অনুষ্ঠানে শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা । ছবি: প্রথম আলো

শাস্ত্রীয় নৃত্যধারার উৎস, পরম্পরা, চেনাজানা সম্পর্কে সর্বসাধারণের সম্যক উপলব্ধি এবং প্রচার ও প্রসারে কাজ করছে ছায়ানট। এ ধারাবাহিকতায় চতুর্থবারের মতো দুই দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। মণিপুরি, ভরতনাট্যম, ওডিশি, কত্থক ও গৌড়ীয় নৃত্যের শাস্ত্রীয় ধারা নিয়ে সাজানো হয় এবারের আয়োজন। গত শুক্রবার  থেকে শুরু হওয়া উৎসবের সমাপনী আসর ছিল গতকাল।

সমাপনী দিনে মণিপুরি নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান, ওয়ার্দা রিহাব, সুব্রত দাশ ও নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের শিল্পীরা।

দলীয়ভাবে ভরতনাট্যম উপস্থাপন করেন জাগো আর্ট সেন্টার ও ছায়ানটের শিল্পীরা। এই নৃত্যধারায় একক পরিবেশনায় অংশ নেন সালমা বেগম ও শুক্লা সরকার। র‌্যাচেল প্রিয়াংকা প্যারিস উপস্থাপন করেন গৌড়ীয় নৃত্য।

সমবেত কত্থক নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্চল ও কত্থক নৃত্যসম্প্রদায়ের শিল্পীরা। এই নাচের একক পরিবেশনায় অংশ নেন কানিজ ফাতেমা, মাসুম হুসাইন ও স্নাতা শাহিরন।

‘সংগীত অবয়ব’

তরুণ গায়ক বা শিক্ষার্থীদের সংগীত বিষয়ে যে আগ্রহ ও জিজ্ঞাসা রয়েছে তা বিকশিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে উচ্চাঙ্গসংগীতের বিভিন্ন দিক তুলে ধরতে কর্মশালার আয়োজন করা হয়েছে। ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ আয়োজন। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে দুই দিন ‘সংগীত অবয়ব’ শীর্ষক এই কর্মশালায় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের ইতিহাস, ব্যাকরণ, বিজ্ঞান, রসতত্ত্ব ও দর্শন বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

গতকাল আয়োজিত কর্মশালায় সেতার, বেহালা ও বাঁশি সংগীতযন্ত্রের উদ্ভব, বিকাশ, ঘরানা ও বাদনশৈলী নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন     যথাক্রমে এবাদুল হক, শিউলি ভট্টাচার্য ও মুর্তজা কবির। পরবর্তী কর্মশালা ১৪ নভেম্বর। বিষয়: বাংলা গানের (রবীন্দ্র, নজরুল ও লোকগান) সঙ্গে  রাগসংগীতের সম্পর্ক। সংগীতপিপাসু যে কেউ কর্মশালায় অংশ নিতে পারবেন।