নৃত্য গানে রঙে বসন্তবরণ
এই শহরে পাখির ডাক শুনতে হলে উৎকর্ণ হতে হয়। ফুলের দেখা পেতে যেতে হয় উদ্যানে। মানুষ নিজেই নিজের প্রয়োজনে এই নগরকে পরিণত করেছে কংক্রিটের জঙ্গলে। তবু বসন্ত নগরবাসীর মনে দোলা দেয়। এখানে বসন্তের আগমনী বার্তা যত না ফুল-পাখির কাছ থেকে, তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় নারীদের শাড়ি-চুড়ি, খোঁপার ফুল আর পুরুষের ফতুয়া-পাঞ্জাবির বাসন্তী রং থেকে। গতকাল পয়লা ফাল্গুনের রাজধানী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, বাংলা একাডেমীর একুশে বইমেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র সে কথাই বলছিল।এ ছাড়া রাজপথ থেকে শুরু করে ব্যস্ত করপোরেট অফিসকর্মীদের অনেকের সাজ-পোশাকেও ছিল বাসন্তী রঙের প্রাধান্য। তবে চারুকলার চিত্রটা ছিল একবারেই অন্য রকম। সেখানে রূপ, রং, নৃত্য, গান, কবিতা আর বসন্ত-কথনের প্রাচুর্য ছিল। আর ছিল শোভাযাত্রা। উপলক্ষ বসন্ত উৎসব। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক-এর সহযোগিতায় উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। সেখানকার শব্দ-বর্ণ-মাধুর্যে অনেকেরই হয়তো ক্ষণে ক্ষণে রবীন্দ্রনাথের লিপিকা থেকে মনে পড়েছে— ‘...যেন সে এমন একটি জানা সুর, যার পদগুলো মনে পড়ছে না। যেন সে এমন একটি ছবি, যা কেবল রেখায় টানা ছিল—চিত্রকর কোন খেয়ালে, কখন এক সময় তাতে রঙ লাগিয়েছে...।’সাংস্কৃতিক অনুষ্ঠাননির্ভর এ উৎসব সকাল সাড়ে সাতটায় ধ্রুপদ কলাকেন্দ্রের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়। এ ছাড়া নৃত্য পরিবেশন করে নটরাজ, স্পন্দন, ভাবনা, নৃত্যম ও নৃত্যনন্দন। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক কাজল দেবনাথ ও শফিউদ্দিন আহমেদ; ঘোষণাপত্র পাঠ করেন সদস্য-সচিব কাজী আরিফ। এ ছাড়া দলীয় সংগীত পরিবেশন করে ছায়ানট, রবিরাগ, সুরসপ্তক, ধ্রুবতান ও বহ্নিশিখা। এরা ‘আমরা মলয় বাতাসে ভেসে যাব’, ‘ওরে গৃহবাসী খোল্ দ্বার খোল্’, ‘আজ শীতের হাওয়া নেই দেশে এই ফাল্গুন মাসে’, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে’ প্রভৃতি। একক সংগীত পরিবেশন করেন সুজিত মোস্তফা, খায়রুল আনাম, ফেরদৌস আরা, মাহমুদ সেলিম, লিলি ইসলাম প্রমুখ। তাঁরা গেয়ে শোনান ‘তুমি শুনিতে চেয়ো না’, ‘দোলা লাগিল দক্ষিণ বনে বনে’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ প্রভৃতি। কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা, মাসকোরে সাত্তার ও লায়লা আফরোজ। বকুলতলা ও রবীন্দ্র সরোবরে একযুগে বিকেলের পর্ব শুরু হয় বিকেল সাড়ে চারটায়।বরিশাল অফিস জানায়, বিকেল তিনটা। বরিশাল নগরের জগদীশ সরস্বতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ। মাঠজুড়ে যেন হলুদের সমারোহ। তরুণীদের খোঁপায় গাঁদা ফুল, শিশুরা ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে। যুবক-যুবতী থেকে বয়স্ক সবাই হলুদ পোশাক পরে উপস্থিত। উপলক্ষ একটাই—পয়লা ফাল্গুনে উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে বসন্ত উৎসবে যোগ দেওয়া।‘বাসন্তী বিকেলে এসো স্নাত হব আনন্দ ধারায়’ শিরোনামে গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। ‘আজ সবার রঙে রং মিশাতে হবে’ উদীচী বরিশালের শিল্পীদের গাওয়া এই সূচনা সংগীতের সঙ্গে সঙ্গে মাঠভর্তি দর্শকদের ফুল ছিটিয়ে বরণ করে নেয় খুদে একদল নৃত্যশিল্পী। এরপর কথা, গান, আবৃত্তি-নৃত্যের ছন্দে উৎসব পরিণত হয় মিলনমেলায়।উদীচীর সংগীত ও নৃত্য বিভাগ, বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সমবেত সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। নৃত্য পরিবেশন করে খেলাঘর বরিশাল জেলা।