নৃত্য গীত আবৃত্তিতে রবীন্দ্রনাথ
শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত ছায়ানট সংস্কৃতি-ভবন। ওরা সবাই খেলাঘরের সদস্য। কেউ এসেছে মায়ের হাত ধরে, কেউ বাবার, কারও কারও সঙ্গে ছিলেন দুজনই। উদ্দেশ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উৎসবে অংশ নেওয়া। গতকাল শনিবার বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। বক্তব্য দেন কথাশিল্পী রাহাত খান ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অভিনয়শিল্পী শমী কায়সার। সভাপতিত্ব করেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার, অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক আবুল ফারাহ্।সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করে খেলাঘরের শিশু-কিশোর শিল্পীরা; সঙ্গে ছিল দলীয় নৃত্য। এরপর তারা শাহীন রহমানের গ্রন্থনা ও নির্দেশনায় রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা, গান ও গদ্যের সমন্বয়ে রবির কিরণ শীর্ষক গীতি আলেখ্য পরিবেশন করে। এ ছাড়া ছিল কবির ‘সোনার তরী’ ও ‘১৪০০ সাল’-এর বৃন্দ আবৃত্তি। ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’, ‘তোমার সুরের ধারা’—এই গান দুটি গেয়ে শোনান অতিথি শিল্পী শামা রহমান । ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি করেন বেলায়েত হোসেন।