নৃত্য গীত আলোচনায় রবীন্দ্র-নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭টি নজরুলসংগীতের অংশবিশেষ নিয়ে নৃত্যনাট্য ‘সুরের বাণী’ পরিবেশিত হলো গতকাল মঙ্গলবার সন্ধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে। গ্রন্থনা লুৎফর চৌধুরী। পরিবেশন করেছে ময়মনসিংহ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। উপলক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম এবং কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী। আয়োজক ময়মনসিংহ সাংস্কৃতিক কেন্দ্র।অনুষ্ঠান উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ শওকত মোমেন শাহজাহান, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মুহম্মদ আশরাফুল হক। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আমিনুর রহমান সুলতান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক লুৎফর চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন আফতাব বিন তমিজ।অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের রচনা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা বলে। তাঁদের রচনা আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে নানাভাবে সমৃদ্ধ করেছে। একইভাবে বাঙালির নানা অধিকার আদায়ের আন্দোলনে তাঁদের সৃষ্টি আমাদের বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। এসব ক্ষেত্রে তাঁদের রচনা এখনো প্রাসঙ্গিক। বক্তারা তাঁদের বক্তব্যে ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন।আলোচনার আগে ছিল সম্মাননা পর্ব। সম্মাননা প্রদান করা হয় নজরুলসংগীতশিল্পী লীনা তাপসী খান, রবীন্দ্রসংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী ও নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদকে। আলোচনা শেষে ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’ গানটির সঙ্গে আয়োজক সংগঠনের শিশু শিল্পীরা প্রদীপ হাতে নৃত্য পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে।এ ছাড়া শিল্পীরা রবীন্দ্র ও নজরুলসংগীতের সঙ্গে একক, দ্বৈত ও দলীয় নৃত্য পরিবেশন করেন। এসব পরিবেশনায় অংশ নেন সাদিয়া জান্নাত, রাবেয়া সুলতানা, অর্পিতা সাহা, সুরাইয়া খান, বীথি রায়, আবদুল্লাহ আল আমিন, জামিল আহমেদ, রানা হাসান প্রমুখ।