নৃত্য-গীত ও আবৃত্তিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী
‘বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে ঋষিজ শিল্পীগোষ্ঠী। সংগঠনটি রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। গণসংগীতশিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান, কবি আসাদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস। শুভেচ্ছা বক্তব্য দেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সহসভাপতি ফকির সিরাজ। দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানান একই সংস্থার সাধারণ সম্পাদক সমর বড়ুয়া।সূচনা সংগীত এবং আলোচনার পর শুরু হয় গানের পালা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন আরিফ রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, নার্গিস আক্তার প্রমুখ। দলীয় সংগীত পরিবেশনায় ছিল ক্রান্তি সাংস্কৃতিক সংগঠন, সত্যেন সেন শিল্পী সংস্থা, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র ও ঋষিজ শিল্পীগোষ্ঠী।অনুষ্ঠানে ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’, ‘আমি জেনেশুনে বিষ করেছি পান’, ‘দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু মুসলমান’—এসব গান পরিবেশিত হয়।কবিরুল ইসলামের পরিচালনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যালোকের শিল্পীরা। দীপা খন্দকারের পরিচালনায় রবীন্দ্রনাথের ‘এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ’ এবং নজরুলের ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন দিব্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। একক আবৃত্তিতে অংশ নেন রেজিনা ওয়ালি লীনা ও রফিকুল ইসলাম।পঞ্চভাস্বরের শিশু-কিশোর পরিবেশনাপঞ্চভাস্বরের নিয়মিত দ্বিমাসিক শ্রোতার আসরে এবার ছিল শিশু-কিশোর শিল্পীদের পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রের এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মধুশ্রী দেব, আত্মজা প্রাকৃত, সুস্মিতা এদবর, মিনহাজ আফরিন, নুজহাত ফারিহা খান, মৈত্রী মুখার্জি, সানফি চৌধুরী, সমাপ্তি রায়, দিশারী দাশ প্রমুখ। শিল্পীরা ‘ওদের সাথে মেলাও যারা’, ‘অন্তর মম বিকশিত করো’, ‘আলো আমার আলো ওগো’, ‘দুই হাতে কালের মন্দিরা’, ‘কবে আমি বাহির হলেম’, ‘ভেঙে মোর ঘরের চাবি’—রবীন্দ্রনাথের এসব গান গেয়ে শোনান। পরিবেশিত নজরুলের গানগুলোর মধ্যে ছিল—‘এখনও ওঠেনি চাঁদ’, ‘যাই ঝিলমিল ঝিলমিল’, ‘মোর ঘুম ঘরে এলে’, এবং ‘আমি চিরতরে দূরে চলে যাব’। স্বপ্নার জন্য নাটুকের ‘ইট মারলে পাটকেলটিও...’ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটুকে ও থিয়েটারক্যানফান্ড গতকাল যৌথভাবে মঞ্চায়ন করে কমেডি নাটক ইট মারলে পাটকেলটিও...। থ্যালাসেমিয়ায় আক্রান্ত স্কুলছাত্রী স্বপ্নার চিকিৎসায় সহায়তা করার জন্য নাটকের এই মঞ্চায়ন হয়।মার্ক কেমোলতি রচিত ডিং ঢংয়ের অনূদিত নাটক ইট মারলে পাটকেলটিও... নাটকের অনুবাদ এবং নির্দেশনা দিয়েছেন আল-নোমান। নাটকে দেখা যায়, বার্নার্ড নামের ব্যক্তি একদিন বিকেলে ধরে ফেলে যে তার স্ত্রী জ্যাকলিন অভিসারে যাচ্ছে রবার্টের কাছে। বার্নার্ড তার স্ত্রীর নাম করে রবার্টকে উল্টো বার্তা পাঠিয়ে তার বাড়িতে নিয়ে আসে। ধরা পড়ে বার্নার্ডের কাছে সবকিছু স্বীকার করে রবার্ট। বার্নার্ড রবার্টকে শর্ত দেয়: হয় বার্নার্ড রবার্টকে খুন করবে, নয় তো রবার্ট তার স্ত্রী জুলিয়েটকে বার্নার্ডের হাতে তুলে দেবে। এ রকম মজার সব ঘটনাচক্রে এগিয়ে চলে নাটক। নাটকটিতে অভিনয় করেছেন আল-নোমান, তিপা, সিলভি, জান্নাত, মুন ও শিমুল। নাটক শেষে সংগৃহীত অর্থ আয়োজকদের পক্ষ থেকে স্বপ্নার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। ফিরে চল মাটির টানেটেরাকোটায় রবীন্দ্রনাথ ছাড়াও আছে নানা রকম ফুল, পাখি, নারী ও শিশু। আছে মাটির তৈরি পেয়ালা পাত্র, কলমদানি ও মোমদানির মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এ ছাড়া রয়েছে ঘরের নানা রকম শোভাবর্ধক। রয়েছে ছোটদের খেলনাও। শিল্পীর হাতে নান্দনিকভাবে মাটির তৈরি এসব সামগ্রী প্রদর্শিত হচ্ছে ‘ফিরে চল মাটির টানে’ শীর্ষক প্রদর্শনীতে।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর আয়োজন করেছে হরপ্পা। ২৮ মে শনিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।