নৃত্য-গীতে নাগরিক নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রহায়ণে যখন কৃষকের গোলায় নতুন ধান ওঠে, তখন গ্রাম-বাংলায় বসে নবান্ন উৎসব। আবহমান কাল ধরে বাঙালির এ সার্বজনীন উৎসব আনন্দের বারতা বয়ে আনে কৃষকের ঘরে ঘরে। রাজধানীতে ধানখেত নেই, নতুন ধান ওঠার পর্বও নেই। তাই বলে আনন্দ-উৎসবে তো বাধা নেই। সেই আনন্দই হলো গতকাল সোমবার নবান্ন উৎসবে।জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে চারুকলা অনুষদের বকুলতলায় দিনভর হলো নবান্ন উৎসব। কুয়াশা-জড়ানো প্রভাতে বকুলতলায় বেজে উঠেছিল বাঁশির সুর। এক এক করে উপস্থিত হতে শুরু করলেন শিল্পী ও শ্রোতারা। হেমন্তের স্নিগ্ধ সকালের মিষ্টি রোদের আলোকছটায় দোতারা, ঢোল আর বাঁশির সুরে শুরু হয় এবারের নবান্ন উৎসব। যন্ত্রসংগীতের রেশ কাটতে না কাটতেই গান, আবৃত্তি ও নৃত্যের ঝংকারে মুখরিত হয়ে ওঠে বকুলতলার চত্বর। উৎসবের উদ্বোধন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১২ জন কৃষক-কৃষানি।ঘোষণাপত্র পাঠ করেন কাজী মদিনা। তিনি বলেন, ‘আমাদের সংগঠনটি বিপন্ন কৃষকের পাশে দাঁড়াবে। নবান্নের পুনর্জাগরণের মধ্য দিয়ে তাঁদের নতুন করে বাঁচার মন্ত্রে উজ্জীবিত করে তুলবে। আমরা জানি, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকের মুক্তিই জাতির মুক্তি।’বাংলার ঋতুভিত্তিক যে অসাম্প্রদায়িক উৎসবগুলো আমাদের লোকজীবনের সঙ্গে নিবিড়ভাবে ঘনিষ্ঠ, তাকে শহরের বদলে যাওয়া জীবনযাত্রা ও জনরুচির উপযোগী করে তুলে আনতেই উৎসবের আয়োজন বলে জানালেন উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। নবান্ন-কথনে অংশ নেন সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান। বক্তারা পয়লা অগ্রহায়ণকে জাতীয় নবান্ন দিবস এবং এই দিন সরকারি ছুটি ঘোষণার আহ্বান জানান।এ পর্ব পরিচালনা করেন মানজার ইসলাম। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল দর্শকসংখ্যা। ঝলমলে রোদ ছড়িয়ে পড়তে পড়তে গাছের তলায় শামিল নাগরিকদের জমজমাট ভিড়।সংস্কৃতি অনুষ্ঠানের উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘হেমন্তে কাটা হবে ধান’ গানটি। এরপর ‘সোনালি ধান হাওয়ায় দোলে/ কিষান মেয়ের চোখের কোলে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি। সত্যেন সেন শিল্পী সংস্থার পরিবেশনায় ছিল ‘বাংলার মাটি, বাংলার জল পুণ্য হোক’ গানটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে আবৃত্তি করে শোনান ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ‘মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে’ গেয়ে শোনান আদৃতা আনোয়ার। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘গাঙের ঢেউ গায়ে যায় ভেসে’।উৎসব উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে উপস্থিত দর্শকদের খই আর মুড়ি-মুড়কি বিলিয়ে আপ্যায়ন করানো হয়। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি বকুলতলা থেকে টিএসসির সড়ক দ্বীপ প্রদক্ষিণ করে আবার চারুকলায় এসে শেষ হয়। সকালে আরও ছিল শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন এবং সেসব ছবির প্রদর্শনী।বিকেল সাড়ে তিনটায় আবার শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। সন্ধ্যার আগেই বকুলতলা জনাকীর্ণ। এ পর্বে ছিল একক ও দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য। চাষাবাদের সঙ্গে সম্পর্ক না থাকলেও গানের সঙ্গে গরম গরম ভাপা পিঠা আর ধুঁয়া ওঠা চায়ের পেয়ালায় চুমুকে নবান্নের সন্ধ্যাটি আনন্দেই কেটেছে অংশগ্রহণকারীদের। রাত নয়টা পর্যন্ত ঢাকঢোল, বাউলগান, লাঠিখেলা, নৃত্য ও সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নবান্ন উৎসব।দ্বিতীয় পর্বে অংশ নেয় উদীচী, ধ্রুবতান, সুরবিহার, রবিরাগ, কচিকাঁচার মেলা, খেলাঘর, সত্যেন সেন শিল্পী সংস্থা, পঞ্চভাস্কর, নিবেদন, আলোর ভুবন, নৃত্যনন্দন, নৃত্যম, নটরাজ, দিব্য ইত্যাদি।সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডঘোষণা করা হয়েছে ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্তদের নাম। ১৪টি বিভাগে এবার মনোনয়ন পেয়েছেন ৬৫ জন। মনোনয়ন পাওয়া ব্যান্ডের মধ্যে রয়েছে শিরোনামহীন, ওয়ারফেইজ, পেন্টাগন, মেটালমেইজ ও শূন্য। নবাগত শিল্পী হিসেবে নাসরিন সানি, নাজু, পরশমণি, শাফকাত ও কাজী শুভ। আধুনিক গানে বাপ্পা মজুমদার, এস আই টুটুল, সিঁথি, তাহসান ও এন্ড্রু কিশোর।রবীন্দ্রসংগীতে রায়া, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শামা রহমান ও অনিমা রায়। নজরুল সংগীতে খায়রুল আনাম, শাহীন সামাদ, শহীদ কবির, রেবেকা সুলতানা ও ইয়াকুব আলী খান। উচ্চাঙ্গসংগীতে (যন্ত্র) আলিফ লায়লা ও গাজী আবদুল হাকিম। উচ্চাঙ্গসংগীতে (কণ্ঠ) ফেরদৌসী রহমান, অনিল কুমার সাহা ও খেয়ালি পঙ্কজ বসু। লোকসংগীতে বারী সিদ্দিকী, টুনটুন ফকির, শিমুল ইউসূফ, জাহাঙ্গীর ও মমতাজ। আয়োজক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় বসতে যাচ্ছে পুরস্কার বিতরণের জমকালো আসরটি।