নৃত্য-গীতে সূর্যসন্তানদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মহান বিজয় দিবস। বিজয়ের আনন্দ সামনে রেখে শ্রদ্ধার সঙ্গে গতকাল শুক্রবার পালিত হলো বেদনাবিধুর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হলো জাতির সূর্যসন্তানদের। এই আয়োজনের মধ্যে ছিল আলোচনা, কবিতা, গান, নৃত্যসহ আরও অনেক কিছু। সম্মিলিত সাংস্কৃতিক জোট: ‘রুখে দাঁড়াও পরাজিতের হুংকার/ যুদ্ধাপরাধীর বিচার হবেই এবার’—এ স্লোগানে ৭ ডিসেম্বর শুক্রবার শহীদ মিনারে উদ্বোধন হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সে উৎসব। গতকাল শুক্রবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে হলো বিজয় উৎসবের মূল আয়োজন। এই দিনের আয়োজনের শুরুতেই উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব রেজিনা ওয়ালি। এরপর দলীয় সংগীত পরিবেশন করে ছায়ানট, ঋষিজ, বহ্নিশিখা ও ধ্রুবতান। দলীয় আবৃত্তি পরিবেশন করেন প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র ও চারুবাকের বাকশিল্পীরা। নৃত্য পরিবেশন করেন নটরাজের নৃত্যশিল্পীরা। পথনাটক পরিবেশন করে দৃষ্টিপাত ও সময় নাট্যদল।শহীদ মিনার ছাড়াও শিশু একাডেমীর শহীদ মতিউর রহমান মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, রবীন্দ্রসরোবর, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, উত্তরার রবীন্দ্র সরণি মুক্তমঞ্চে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।শিল্পকলা একাডেমী: শিল্পকলা একাডেমী আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম।আলোচনা পর্ব শেষে ছিল নৃত্যনাট্য যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা। একাডেমীর স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ কর্মসূচির আওতায় নির্মিত নৃত্যনাট্যটি নির্দেশনা দেন ওয়ার্দা রিহাব। ‘একটি কবিতা লেখা হবে’, ‘শোন একটি মুজিবরের থেকে’, ‘দুঃখিনী বাংলা জননী বাংলা কেঁদে কয়’, ‘মুজিবর আছে বাংলার ঘরে ঘরে’সহ জনপ্রিয় কবিতা আর গান এই নৃত্যনাট্যটিতে সংযোজিত হয়েছে।বাংলা একাডেমী: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বাংলা একাডেমী একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার বিকেলে একাডেমীর রবীন্দ্রচত্বরে একক বক্তৃতা দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। একাডেমীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত ভাষণ দেন মহাপরিচালক শামসুজ্জামান খান। পরে সংগীত পরিবেশন করেন মাসুদা নার্গিস আনাম, বিমান চন্দ্র বিশ্বাস, শিবু রায় ও অমিয়া মতিন।মুক্তিযুদ্ধ জাদুঘর: বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক অনুষ্ঠানমালা। ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনে শুক্রবার ছিল পঞ্চম দিন। এই দিন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণের পাশাপাশি মিরপুর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠেও অনুষ্ঠিত হয়েছে এই উৎসব।