নৃত্য দিবসে নাচ ও নাচ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় নৃত্যাঞ্চল শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে নৃত্যানুষ্ঠানের আয়োজন করে l ছবি: প্রথম আলো
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় নৃত্যাঞ্চল শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে নৃত্যানুষ্ঠানের আয়োজন করে l ছবি: প্রথম আলো

নাচ ও নাচ নিয়ে আলোচনা করে গতকাল দিন কাটিয়েছেন নৃত্যশিল্পী সংস্থার শিল্পী ও নাচের সঙ্গে সম্পৃক্ত মানুষেরা। গতকাল ছিল বিশ্ব নৃত্যদিবস। দিবসকে কেন্দ্র করে গতকাল শনিবার সকাল থেকেই ছিল নানা কর্মসূচি। সকালে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি ভবন প্রাঙ্গণে ছিল মঙ্গলনৃত্য ও র্যালি। জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘গৌড়ীয় নৃত্য’-এর ওপর মূল প্রবন্ধ পড়েন মহুয়া মুখার্জি এবং সেটি নিয়ে আলোচনা করেন আবদুস সেলিম ও নিগার চৌধুরী।
সন্ধ্যায় নাট্যশালার মূল মিলনায়তনের অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি কথাসাহিত্যিক মনজুরুল হক, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার পক্ষে এ বছরের আজীবন সম্মাননা দেওয়া হয় নৃত্যজন মো. ইলিয়াস হায়দারকে।
নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক বলেন, ‘বাংলাদেশের নাচকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দেশের শিল্পীরা কঠোর পরিশ্রম করছেন। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা না বাড়ালে খরচসাপেক্ষ এই শিল্পকে এগিয়ে নেওয়া আমাদের জন্য খুব কঠিন হবে।’ দিবসটি উপলক্ষে ২৩ এপ্রিল থেকে চারুকলা প্লাজায় শুরু হয়েছিল নৃত্যদিবসের সপ্তাহব্যাপী আয়োজন। এতে প্রতি সন্ধ্যায় নাচ পরিবেশন করে শিশু ও বড়দের দল। গতকাল সমাপনী সন্ধ্যার অনুষ্ঠান ছিল নাট্যশালার মূল মিলনায়তনে। সেখানে নাচ করে সাদিয়া ইসলাম মৌ, বাফা, নৃত্যম, পল্লবী ড্যান্স সেন্টার, স্পন্দনসহ প্রায় ২০টি সংগঠন।
নাচ করল সুবিধাবঞ্চিত শিশুরা
সারা দেশ থেকে আসা প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুরা নাচ করল শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে। নাচের স্কুল নৃত্যাঞ্চলের শিশুরাও এ সময় নাচ পরিবেশন করে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মনসুর আহমদ চৌধুরী।
মনের ছবি ক্যানভাসে ভাসে
সেলিনা ক্লাস টু-তে পড়ে। থাকে ঢাকা উদ্যানের কোনো বস্তিতে। মা মসলা বিক্রি করেন, বাবা চায়ের দোকানদার। তুলি আর কালিতে সে স্বপ্ন আর মনের কথা এঁকে দিল ক্যানভাসে। সেলিনার মতো আরও অনেক সুবিধাবঞ্চিত শিশু আঁকল অ্যাংরি বার্ড, জঙ্গল, আঁধার, ঘর, বিকেল আরও কত কী!
দৃক গ্যালারিতে সুইচ সংগঠনের আয়োজনে শিশুদের এই ছবিগুলোর প্রদর্শনী হলো গতকাল। উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শিশুদের সঙ্গে কথা বলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবুল হাসান এম সাদেক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামুল হক, লেখক ও গবেষক মুনতাসীর মামুন, ইউএনএফপিএর প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা বেগম প্রমুখ।
জেনারেল ওসমানীকে নিয়ে তথ্যচিত্র
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র লিবারেশন ওয়ার হিরো জেনারেল ওসমানী। গতকাল সকালে তথ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী হয়ে গেল কারওয়ান বাজারের দীপ্ত টিভির স্টুডিওতে।
বিশেষ এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইকবাল বাহার চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, এম আর ওসমানী, আইনজীবী মইনুল হোসেন, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান চৌধুরী প্রমুখ। দীপ্ত টিভি এবং ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সমীর কুশারী।