নৃত্য দিবসের বর্ণিল আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়, প্রথম আলো
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়, প্রথম আলো

অসহনীয় গরম। রাজপথে কর্কশ আওয়াজে ছুটে চলছে যানবাহন। গরমে পথচারীদের রীতিমতো ‘ত্রাহি মধুসূদন অবস্থা’। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শোনা গেল ঢোলের বাদ্যি। অবিরাম বেজে চলেছে। বাদ্যির তালে তালে নিজের মতো করে নেচে নেচে ছুটছেন নৃত্যশিল্পীরা। গতকাল বৈশাখের এই তপ্ত নগরে এমন নান্দনিক দৃশ্য দেখা গেল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বের হওয়া শোভাযাত্রায়। নৃত্যশিল্পী আর নৃত্যানুরাগীদের আগ্রহের দিন ছিল গতকাল।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল উদ্যাপিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস। ‘চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে’ স্লোগানে দিবসটি উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সকালের এই আয়োজনে ছিল মঙ্গলনৃত্য। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নৃত্যশিল্পীদের নৃত্যের ছন্দে ছন্দে শহীদ মিনার থেকে প্রেসক্লাব হয়ে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এরপর একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘নৃত্যে তোমার মুক্তির রূপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালায় হয় আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমেদ। অনুষ্ঠানে নৃত্য দিবসের বাণী পাঠ করেন নিগার চৌধুরী। আজীবন সম্মাননা দেওয়া হয় নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেনকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিশেষ নৃত্যানুষ্ঠান। এতে ঢাকার বিভিন্ন নৃত্য সংগঠনের সদস্য এবং বাইরের আমন্ত্রিত শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আরও ছিল শিশু ও আদিবাসী শিল্পীদের নৃত্য পরিবেশনা।