বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অংশের নৃত্য পরিচালনা করছেন শিবলী মুহম্মদ ও শামীম আরা নীপা। তাঁরা জানালেন, এখানে নাচে অংশ নিচ্ছেন ২০০ জন নৃত্যশিল্পী। তাঁদের বেশির ভাগই নৃত্যাঞ্চলের সদস্য। এর আগে নৃত্যাঞ্চল নাচের প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনা করেছিল। এই প্রতিযোগিতায় যাঁরা সেরা হয়েছিলেন, তাঁরাও এখানে আছেন। আরও আছেন ৩৪ জন আদিবাসী শিল্পী। এরই মধ্যে নাচের অংশটি রপ্ত করেছেন শিল্পীরা। এখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হচ্ছে চূড়ান্ত মহড়া। শিবলী বলেন, ‘বাংলাদেশ অংশের পরিবেশনা হবে ২০ মিনিট। এর একটি গল্প আছে। ওই গল্পের ওপর ভিত্তি করেই নাচ তৈরি করা হয়েছে। এই গল্পে রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, লোকসংস্কৃতি, উৎসব, আদিবাসী সংস্কৃতি ও উচ্চাঙ্গ নাচ (মণিপুরি ও কত্থক)। অল্প সময়ে আমাদের অনেকগুলো ঘটনা তুলে ধরতে হচ্ছে। এখানে লাইট ও সাউন্ডের একটা ব্যাপার আছে।’শামীম আরা নীপা বলেন, ‘এর আগে এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান শিবলী আর আমি করেছিলাম। সেদিক থেকে এবার আমাদের কাজের পরিমাণটা একেবারেই কম। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট বলে কথা। গুরুত্বের দিক থেকে এবারের কাজটি খুবই উল্লেখযোগ্য। আমরাও ভালো কিছু করার চেষ্টা করছি।’উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত গান ও বাংলাদেশ অংশের সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।