সম্মেলক কণ্ঠে ‘অঞ্জলি লহ মোর’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় শুরু হয় নজরুল উৎসব। ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, একই সঙ্গে তিনি অনুষ্ঠানে স্মারক বক্তৃতাও করেন। সভাপতিত্ব করেন সারোয়ার আলী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।স্মারক বক্তৃতায় মুস্তাফা নূরউল ইসলাম বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাঁর রচনা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা বলে। মুক্তিযুদ্ধসহ প্রায় সব অধিকার আদায়ের আন্দোলনে গান ও কবিতাসহ তাঁর বিভিন্ন রচনা ছিল বাঙালির অন্যতম অনুপ্রেরণার উৎস। অধিকার আদায়ের প্রেরণা হিসেবে তাঁর রচনা এখনো অনেক বেশি প্রাসঙ্গিক।’এরপর ছায়ানটের শিশু শিক্ষার্থীদের দলীয় সংগীত ‘টলমল টলমল পদ ভরে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। একক সংগীত পরিবেশন করেন খালিদ হোসেন, নাশিদ কামাল, ফেরদৌস আরা, লীনা তাপসী খান, নাসিমা শাহীন, রেজাউল করিম, মোহিত খান, আশীষ কুমার সরকার, সঞ্জয় কবিরাজ, অলকানন্দা সুবৃতা, যোসেফ কমল রড্রিক্স, নাহিয়ান দূরদানা প্রমুখ। পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল: ‘এই মুছিনু আঁখি যাও তুমি ফিরে’, ‘বনকুন্তল এলাইয়ে’, ‘গগনে সঘনে চমকিছে’, ‘আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম’, ‘মালা গাঁথা শেষ না হতে’, ‘আজো কাঁদে কাননে কোয়েলিয়া’, ‘কেন কাঁদে পরাণ’, ‘মেঘলা নিশি ভোরে’, ‘সুরে ও বাণীর মালা দিয়ে’, ‘পাষাণের ভাঙালে ঘুম’ এসব। এ ছাড়া কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে শোনান ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কৃষ্টি হেফাজ। সূচনা সংগীতের সঙ্গে ছিল শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দলীয় নৃত্য। ‘এসো সজল শ্যামঘন দেয়া’ গানের সঙ্গে অর্পিতা সোম এবং ‘মধুর ছন্দে নাচে আনন্দে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুদেষ্ণা প্রভা ও মোহনা দাশ।ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠের গান ‘বাজে মৃদঙ্গ’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। উৎসবের শেষদিন আজকের কার্যক্রম শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।