নৃত্যছন্দে মুখর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যছন্দে মুখর হয়ে আছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা। কবিগুরুর নৃত্য ভাবনা, তাঁর নৃত্যনাট্য, কর্মশালা নিয়ে তিন দিনের নৃত্য উৎসব শুরু হলো গতকাল শুক্রবার। তাঁর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের নৃত্য ও নৃত্যনাট্য উপকমিটি এই উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমীর সহযোগিতায়।মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে সকালে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি রবীন্দ্র সংগীতজ্ঞ সন্জীদা খাতুন। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন উপকমিটির আহ্বায়ক লায়লা হাসান।উৎসবের উদ্বোধন করে সন্জীদা খাতুন বলেন, ‘রবীন্দ্রনাথের সংগীত ও নৃত্য পরস্পরসাপেক্ষ। গীত-নৃত্যের মিলিত সুষমায় রয়েছে বন্ধন। আছে মুক্তি।’সন্জীদা খাতুন কবিগুরুর ‘পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে’ গানটি উদ্ধৃত করে বলেন, ‘কবিগুরু মানবসন্তানকে জীবন-মরণ নৃত্যের ওই ছন্দে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরাও সেই আহ্বানে ছুটে চলছি।’উদ্বোধনী অনুষ্ঠানের পর সেমিনারে ‘রবীন্দ্র নৃত্য ভাবনা’ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘শান্তিনিকেতনে যে নৃত্যধারার প্রচলন, তা কেবল নৃত্যশিল্পী তৈরি করার উদ্দেশ্যে নয়। কবিগুরু পরিপূর্ণ শিক্ষার অংশ হিসেবে জ্ঞানার্জনের সঙ্গে সঙ্গে সংগীত, অভিনয় ও চিত্রকলার মতো নৃত্যকলাকেও সমমর্যাদায় প্রতিষ্ঠিত করার প্রয়াস পান। রুচিশীল ধ্রুপদি ও দেশীয় নৃত্যকলার সমন্বয়ে একটি মানসম্মত নৃত্যধারা তৈরিতে তিনি সচেষ্ট ছিলেন। তিনি ইউরোপীয়সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের নৃত্যধারাকে আহরণ করে নিজের মতো করে একটি নব নৃত্যধারার প্রচলন করেছিলেন।’আলোচনা করেন নৃত্যশিল্পী সোমা মমতাজ ও রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।এ পর্বে প্রবন্ধের সঙ্গে সাযুজ্য রেখে তিনটি ভিন্ন আঙ্গিকের নৃত্য পরিবেশন করা হয়। ‘বাজে বাজে রম্যবীণা বাজে’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। এরপর ‘শাঙনগগনে ঘোর ঘনঘটা’ গানের সুরে মণিপুরি নৃত্য পরিবেশন করেন শিল্পী তামান্না রহমান। সুদেঞ্চা স্বয়ম্প্রভা ও সহশিল্পীরা ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’ গানের সঙ্গে পরিবেশন করেন সৃজনশীল নৃত্য। বিকেলের দ্বিতীয় পর্বে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একাডেমীর জাতীয় নাট্যশালার মহড়াকক্ষে ছিল রবীন্দ্র নৃত্য ভাবনা নিয়ে নৃত্য কর্মশালা। আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিন জাতীয় নাট্যশালায় বেলা ১১টায় ‘রবীন্দ্রনাথ ও আধুনিক নৃত্য’ নামের বিশেষ নৃত্যানুষ্ঠান। সন্ধ্যায় দীপা খন্দকারের পরিচালনায় থাকবে ‘দুই পাখী’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য। উৎসব শেষ হবে তামান্না রহমানের পরিচালনায় চিত্রাঙ্গদা নৃত্যনাট্য দিয়ে।