নৃত্যনাট্য চম্পাবতীর প্রদর্শনী
বেদে সম্প্রদায়ের জীবনের নানা টানাপোড়েনকে উপজীব্য করে আবর্তিত হয়েছে নৃত্য-নাট্যচম্পাবতীর কাহিনি। উঠে আসে তাদের জীবনাচরণ, পেশা ও জীবনদর্শন। জীবনের তাগিদে নদীর এক তীর থেকে অন্য নদীর তীরে প্রতিনিয়ত নোঙর করে বেদে সম্প্রদায়। নদীর পানির মতোই যেন ভেসে বেড়ায় তাদের জীবনপ্রবাহ।
বেদে সম্প্রদায়ের কাহিনি নিয়ে পল্লীকবি জসীমউদ্্দীন লিখেছিলেন নাটক বেদের মেয়ে। এই নাটকটি অবলম্বনে চম্পাবতী নামে নৃত্যনাট্য লিখেছেন সৈয়দ শামসুল হক। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নৃত্যনাট্যটি পরিবেশন করে সাধনা।
নৃত্যনাট্যটিতে দেখা যায়, জীবিকার তাগিদে এক বেদে দল নাচ ও সাপের খেলা দেখাতে এসেছে কোনো এক গ্রামে। ঘটনাক্রমে বেদে দলের নেতা গয়ার স্ত্রী চম্পাবতীর ওপর কুদৃষ্টি পড়ে ওই গ্রামের মোড়লের। মোড়লের মন্দপ্রস্তাব ফিরিয়ে দেয় চম্পাবতী। বেদেদের ওপর চলতে থাকে নির্যাতন। এগিয়ে যায় ঘটনাপ্রবাহ। প্রযোজনাটির নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমদ খান। নাট্য পরিচালনায় ছিলেন শামীম হাসান। সার্বিক শৈল্পিক নির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম।