
পর্দাঢাকা মঞ্চের সামনে বসে দুই হাত তুলে মোনাজাত করছে কাফ্রি বান্দা ক্রীতদাস আবদুল্লা। মোনাজাত শেষ হতেই পর্দা উঠল মঞ্চের, সঙ্গে সঙ্গেই সরগরম হয়ে উঠল বাগদাদের বাজার, যেখানে চলছে দাস-দাসীর কেনাবেচা।
‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর কাহিনি নিয়ে নৃত্যনাট্য বাঁদী-বান্দার রূপকথা পরিবেশিত হয় গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনের মঞ্চে। সৃষ্টি কালচারাল সেন্টার প্রযোজিত নৃত্যনাট্যটি মঞ্চায়ন হবে আজও।
নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় উপস্থাপিকা মঞ্চে ডাকলেন এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাসকে।
১০ মিনিটের ছোট আলাপন শেষে শুরু হলো মূল অনুষ্ঠান। কাঠুরিয়া আলীবাবা ও চল্লিশ চোরের গল্প আমরা সবাই জানি। সে গল্পকেই তুলে আনা নৃত্যনাট্যে ছিল আধুনিক প্রযুক্তির ব্যবহার। কাহিনি ও নাট্যের প্রয়োজনে মঞ্চের পেছনে স্থাপিত বিশাল পর্দায় ক্ষণে ক্ষণে ভেসে আসে সুরম্য অট্টালিকার অন্দরমহল। কখনো আসে চল্লিশ চোরের লুকানো গুপ্তধনের পাহাড়। যার সামনে গিয়ে ‘চিচিং ফাঁক’ বলে চিৎকার দিলেই খুলে যায় দরজা।

রণজিৎ দাশের চিত্রপ্রদর্শনী
নারীর মুখাবয়বের অনেকগুলো অভিব্যক্তি ফুটে উঠেছে ক্যানভাসে। ছবির বিভাজিত কয়েকটি অংশ আলাদা করেও দেখানো হয়েছে একই ক্যানভাসে। এ ধরনটি লক্ষ করা যায় ভিজ্যুয়াল মিডিয়ায়। দেশের খ্যাতিমান চিত্রশিল্পী রণজিৎ দাশ এ ধরনের কাজই বেশি করে থাকেন।
গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানালেন, নাম লেখা না থাকলেও কাজ দেখে বলে দেওয়া যায় যে এটা রণজিৎ দাশেরই আঁকা। শিল্পীর কাজে এই ধারা তৈরি হয়েছে বেশ আগেই।
গতকাল উত্তরার গ্যালারি কায়ায় শুরু হওয়া শিল্পী রণজিৎ দাশের একক চিত্রকলা প্রদর্শনীর ছবিগুলো তাঁর আগের কাজগুলো থেকে একটু আলাদা। ‘লুকিং আপ অ্যান্ড অ্যাবাভ’ শিরোনামে এ প্রদর্শনীর ছবিগুলো একটু চড়া রঙে আঁকা।
প্রদর্শনীর ছবিগুলো নিয়ে শিল্পী জানান, আধুনিক জীবনের বিভিন্ন উপাদানের সঙ্গে গ্রামীণ সমাজ ও শৈশবের নানা স্মৃতির মিশেলে তিনি এঁকেছেন ছবিগুলো। সময় ও অভিজ্ঞতায় শিল্পীর ভেতরের যে পরিবর্তন, তা তাঁর ছবিতে ফুটে উঠেছে। এখন অ্যাক্রিলিকে আঁকতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর শুরুতে প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকার ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব এ কে এইচ মোর্শেদ, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, মাহমুদুল হকসহ অনেকে। প্রদর্শনী চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
জমে উঠেছে চলচ্চিত্র উৎসব
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উন্মুক্ত চলচ্চিত্র উৎসব জমে উঠেছে। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমী, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে চলছে এ উৎসব৷
গতকাল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উন্মুক্ত চলচ্চিত্র উৎসব ২০১৪-তে অং রাখাইনের চলচ্চিত্র মর থেংগারি (মাই সাইকেল)-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
শহরে টিকতে না পেরে আবার পাহাড়ের কোলে গ্রামে ফিরে আসে এক প্রান্তিক মানুষ কমল, সঙ্গে একমাত্র সম একটি সাইকেল। পাহাড়ি একজন মানুষের সাইকেলের সঙ্গে পরিবারের ও জীবনের নানা উত্থান-পতন নিয়ে নির্মিত মর থেংগারি (মাই বাইসাইকেল) ছবিটি এমন একটি কাহিনি নিয়ে গড়ে উঠেছে।
প্রিমিয়ারে উপস্থিত থেকে রাজা দেবাশীষ রায় বলেন, আদিবাসী চাকমা সমাজের জীবন ও সংগ্রাম নিয়ে চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র মর থেংগারি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সৃষ্টি। চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক এ সময় উপস্থিত ছিলেন৷