‘আমি সত্যিই অভিভূত হয়েছি। বিস্মিত হয়েছি এই ভেবে যে, আসাম সাহিত্য সভা কেমন করে আমাকে খুঁজে বের করল। এত বড় একটা পুরস্কার নিশ্চয়ই আমার জীবনে অনুপ্রেরণা হয়ে কাজ করবে।’ বলছিলেন নৃত্যশিল্পী লুবনা মারিয়াম। প্রথম ‘বিশ্বরত্ন ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সংহতি পুরস্কার’ পাওয়া উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত শনিবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের রেডিয়াস সেন্টারে সংস্কৃতি প্রসার কেন্দ্র ‘সাধনা’র পক্ষ থেকে নৃত্যশিল্পী লুবনা মারিয়ামকে এ সংবর্ধনা দেওয়া হয়।নৃত্যশিল্পী লুবনা মারিয়াম এ পুরস্কারটি পেয়েছেন গত ২৮ মার্চ। ভারতীয় ধ্রুপদি নৃত্যে বিশেষ অবদানের জন্য আসাম সাহিত্য সভা এ পুরস্কার দেয়।সংবর্ধনা অনুষ্ঠানে লুবনা মারিয়াম ‘এজেন্সি অ্যান্ড আর্ট’ শীর্ষক একটি বক্তৃতা দেন। সেখানে তিনি মানুষের ক্ষমতা ও শিল্পের ওপর বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তিনি সংস্কৃতি প্রসার কেন্দ্র ‘সাধনা’র কার্যক্রম নিয়েও আলোচনা করেন। সাধনা প্রায় ২০ বছর ধরে সংস্কৃতি বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাসের দেশ, মায়ার খেলাসহ অনেক নৃত্যনাট্য প্রযোজনা করেছে। এ ছাড়া নিয়মিত কর্মশালা, লোক পরিবেশনা, লাঠিখেলার আয়োজন করে ও নৃত্যশিল্পীদের বৃত্তি প্রদান করে। লুবনা মারিয়াম পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ রুপি, একটি সম্মাননাপত্র, একটি স্মারক ও ঐতিহ্যবাহী একটি শাল। সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা দেন পুরস্কার হিসেবে পাওয়া দুই লাখ রুপি তিনি নৃত্যশিল্পীদের বৃত্তি দেওয়ার জন্য সাধনায় দান করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ, আলিমুর রহমান খান, নায়লা খান, হায়দার আকবর খান রনো, কে জেড ইসলাম, শহীদুল্লাহ খান, হামিদা আলী প্রমুখ।লিসার একক সংগীতসন্ধ্যাভারতীয় হাইকমিশনের গুলশানের ইন্দিরাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গত শুক্রবার একক সংগীত সন্ধ্যা হয়ে গেল শিল্পী লাইসা আহমেদ লিসার। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়েছিল অনুষ্ঠান। শিল্পী রবীন্দ্রসংগীতের পাশাপাশি রজনী কান্ত, দ্বিজেন্দ্র লাল রায় ও অতুল প্রসাদেরও বেশ কয়েকটি গান গেয়ে শোনান।প্রথমেই ছিল রবীন্দ্রসংগীত। ‘কী গাব আমি কী শোনাব’ গানটি দিয়ে তিনি গানের পর্ব শুরু করেন।পরের গানগুলোর মধ্যে ছিল ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’, দাঁড়িয়ে আছ তুমি আমার’, ‘প্রভু আজতোমার’, ‘দ্বীপ নিভে গেছে মম’। এরপর তিনি রজনী কান্তের ‘ধীরে সমীরে’ ডি এল রায়ের ‘জীবনটা তো’, অতুল প্রসাদের ‘আমি বান্ধিনু’ দিয়ে তিনি গানের পালা শেষ করেন।রফিকুন নবীর প্রদর্শনীর সময় বাড়লঢাকা আর্ট সেন্টারে চলছে বিশিষ্ট শিল্পী রফিকুন নবীর দশম একক শিল্পকর্ম প্রদর্শনী। ১২ এপ্রিল থেকে প্রদর্শনীটি শুরু হয়েছে। এতে অ্যাক্রেলিক ও জলরঙের মোট ২৭টি শিল্পকর্ম রয়েছে।প্রদর্শনীটি ২৬ এপ্রিল শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল। তবে গতকাল ঢাকা আর্ট সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে প্রতিদিনই প্রচুর দর্শকের সমাগম ঘটছে। দর্শকদের অনুরোধেপ্রদর্শনীর মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।