নৃত্যশিল্পীদের মধ্যে মেলবন্ধন ঘটাবে এই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নৃত্য-উৎসব। যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করা হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। উৎসব নিয়ে কথা বললেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি লায়লা হাসান।এই উৎসব কবে থেকে আয়োজন করা হচ্ছে?২৯ এপ্রিল ফ্রান্সের নৃত্য সংস্কারক জাঁ জর্জেস নভেরার জন্মদিন। তিনি জন্মেছিলেন ১৭২৭ সালে। ওই সময় নাচকে ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ করে রাখা হয়েছিল। তিনি নাচকে অপেরায় নিয়ে এলেন। ১৯৮২ সালে ইউনেসকো তাঁর জন্মদিনটিকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেছে। ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের একটি শাখা ছিল বাংলাদেশে। আমরা ওই সংগঠনের উদ্যোগে ১৯৯২ সাল থেকে এই উৎসব আয়োজন করছি। এরপর বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা করছে। এবারের উৎসবের আলাদা কোনো স্লোগান আছে? গত দুই বছর একটি স্লোগানই ব্যবহার করা হচ্ছে—‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে’। নৃত্যশিল্পীদের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্যই এই উৎসব। আর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে প্যারিস থেকে বিশ্বের বিভিন্ন দেশে একটি বাণী পাঠানো হয়। এ ছাড়া আমাদের দেশ থেকেও একজন প্রবীণ নৃত্যব্যক্তিত্ব বাণী দেন। এবার বাণী দিয়েছেন রাজশাহীর নৃত্যগুরু বজলুর রহমান। এবারের উৎসবে কী কী থাকছে?নৃত্যানুষ্ঠান, সেমিনার, প্রদর্শনী, মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে। তবে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, উদ্বোধনী ও সমাপনী দিনে ঢাকার বাইরের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। আরও থাকবে আদিবাসী, প্রতিবন্ধী ও বৃহন্নলা নৃত্যশিল্পীদের পরিবেশনা। ঢাকার শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন জাতীয় চিত্রশালা প্লাজায়। প্রতিদিন বেলা তিনটায় শুরু হবে অনুষ্ঠান। আর তা উদ্বোধন করবেন বিশিষ্ট নৃত্যশিল্পীরা। এ তো গেল উৎসবের কথা। পাঠ্যক্রমে নৃত্যকে অন্তর্ভুক্ত করার জন্য আপনারা চেষ্টা করছেন। সেই প্রক্রিয়া কতটা এগিয়েছে?প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে নৃত্যকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওটা হবে, তবে একটু সময় লাগবে। কিন্তু তার আগেই আমরা আশা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা নামে একটি স্বতন্ত্র বিভাগ খোলা সম্ভব হবে। গত ৮ এপ্রিল আমরা একটি সেমিনার আয়োজন করেছিলাম। সেখানে উপাচার্য, সহ-উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এদিকে কিছু কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে নৃত্যকলা বিভাগ চালু করেছে। বিনোদন প্রতিবেদক