দেশে নৃত্যকলার চর্চায় তেমন কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নেই। বেশ কটি বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা, সংগীত ও চলচ্চিত্র বিষয়ে পড়ানো হলেও নৃত্য এখনো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়নি। এমনকি ঢাকার সরকারি সংগীত মহাবিদ্যালয়েও নৃত্য বিভাগ নেই । নৃত্যের জন্য বিশেষায়িত মিলনায়তনেরও সংকট রয়েছে। অথচ জাতীয় পর্যায়ের অনুষ্ঠানসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যের উপস্থিতি প্রায় অবধারিত। নৃত্যশিল্পীরা বলেছেন, স্বাধীনতার পর কোনো সরকারের আমলেই এ শিল্প যথাযথ পৃষ্ঠপোষকতা পায়নি।দেশে নৃত্যকলাচর্চার এই পরিস্থিতিতে আজ ২৯ এপ্রিল, শুক্রবার পালিত হচ্ছে ‘বিশ্ব নৃত্য দিবস’। সারা বিশ্বের নৃত্যশিল্পীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির উদ্দেশ্যে ১৯৮২ সাল থেকে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) দিবসটি উদ্যাপন শুরু করে।অনুপযোগী মিলনায়তন: শিল্পকলা একাডেমীতে সংগীত ও নৃত্যকলা বিভাগের জন্য আলাদা একটি মিলনায়তন রয়েছে। তবে এটি নৃত্য পরিবেশনার জন্য উপযোগী নয় বলে অভিযোগ করেন নৃত্যশিল্পীরা। মঞ্চটি একেবারেই ছোট। শিল্পীদের মঞ্চে আসা-যাওয়ার ব্যবস্থাও যথাযথ নয়। নৃত্যশিল্পী সংস্থার নির্বাহী সদস্য সাজু আহমেদসহ বেশ কয়েকজন নৃত্যশিল্পী প্রথম আলোকে জানিয়েছেন, মিলনায়তনটি তৈরির আগে কোনো প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীর পরামর্শ নেওয়া হয়নি।নৃত্যশিল্পীদের জাতীয় নাট্যশালা মিলনায়তন ব্যবহার করতে ভ্যাটসহ প্রতিদিন ২৩ হাজার টাকা ভাড়া দিতে হয়। নাটকের দল সেটি পায় পাঁচ হাজার টাকায়। প্রবীণ নৃত্যশিল্পী রাহিজা খানম বলেন, নৃত্য নাটকের বাইরের কিছু নয়। অবশ্যই নৃত্য কিংবা নৃত্যনাট্য পরিবেশনার জন্য নাটকের মতো একই ভাড়ায় হল বরাদ্দ দেওয়া উচিত। এ ছাড়া একাডেমীর নৃত্য বিভাগে রয়েছে লোকবলের সংকট। বিভাগের নৃত্য পরিচালক দীপা খন্দকার জানান, নিয়মিত অনুশীলনেরও ব্যবস্থা নেই। প্রশিক্ষকের সংকটও রয়েছে।প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিল্পচর্চার সুযোগ কম: ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক চুক্তির আওতায় প্রতিবছর নির্বাচিত শিল্পীরা বৃত্তি নিয়ে ভারতে শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ ও ডিগ্রি নেন। দেশে ফিরে তাঁরা এ শিক্ষা কাজে লাগানোর সুযোগ পান না। নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বলেন, ‘আমরা দেশে ফিরে কী করব, নিজেরাই বুঝতে পরি না। শিশু একাডেমী কিংবা জাতীয় জাদুঘর মিলনায়তনে কয়েকটা অনুষ্ঠান করা ছাড়া আর কিছু করার থাকে না।’ নৃত্যশিল্পীরা বলেছেন, দেশে নৃত্যের জন্য একটা আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। তাহলে যাঁরা উচ্চতর শিক্ষা নিয়েছেন, তাঁরা ওই শিক্ষা কাজে লাগাতে পারবেন।সাম্প্রতিক কর্মসূচি: চলতি অর্থবছরে নৃত্যশিল্পের প্রসারে সরকার সর্তসাপেক্ষে ২০ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ দিয়েছে। ফলে, এই অর্থে অনুষ্ঠান করা ছাড়া বিশেষ কিছু হচ্ছে না। নৃত্যশিল্পী সংস্থা বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ এক সাথে’ স্লোগান নিয়ে গত শনিবার থেকে সপ্তাহব্যাপী নৃত্য উৎসবের আয়োজন করছে।