নৃত্যশিল্পী লায়লা হাসানের ছাত্রী বেনজীর সালাম। ১৯৮৬ সালে লায়লা হাসানের কাছে বেনজীর প্রথম দলীয়ভাবে ‘ওরে গৃহবাসী’ গানটির সঙ্গে নাচ শিখেছিলেন। এরপর ১৯৮৭ সালে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির সঙ্গে একক নৃত্য। প্রায় সিকি শতাব্দী পর গতকাল শনিবার বেনজীরের কাছে নাচ শেখা শিক্ষার্থীরা লায়লা হাসানকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন এই গান দুটির সঙ্গে নেচে। এ যেন গুরুদক্ষিণা। লায়লা হাসানের একুশে পদকপ্রাপ্তি উপলক্ষে বিকেলে নাগরিক নৃত্যসমাজ তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নৃত্য পরিবেশনা। শুরুতে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে ওঠেন লায়লা হাসান ও স্বামী সৈয়দ হাসান ইমাম। ঢোলের তালে তালে গাড়ির সামনে-পেছনে নাচতে নাচতে এগিয়ে চলেন নৃত্যশিল্পীরা। শোভাযাত্রা একাডেমী প্রাঙ্গণ ঘুরে এসে থামে জাতীয় চিত্রশালা প্লাজায়। সেখানে পুষ্পবৃষ্টির মাধ্যমে বরণ করা হয় গুণী নৃত্যশিল্পীকে। প্লাজার দ্বিতীয় তলায় শুরু হয় নাগরিক সংবর্ধনার প্রথম পর্ব। বক্তব্য দেন মফিদুল হক, আতিকুল হক চৌধুরী, এম আর ওয়াসেক, সাজু আহম্মেদ, জিনাত বরকতউল্লাহ। বক্তব্যের শেষে নাগরিক নৃত্যসমাজের পক্ষ থেকে তাঁকে ‘নৃত্যসারথি’ উপাধি দেওয়া হয়। নন্দনকলা কেন্দ্রের শিল্পীরা নৃত্য ‘আলোকের এই ঝর্নধারায়’ গানের সঙ্গে নাচের মধ্য দিয়ে নৃত্যসারথিকে নৃত্যের তালে তালে বরণ করে নেন।পরে ছিল বেনজীর সালামের পরিচালনায় নৃত্যপর্ব ‘শ্রদ্ধাঞ্জলি’। সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পর্বে অতিথি ছিলেন খান সরওয়ার মুরশিদ, সন্জীদা খাতুন, রাশেদা কে চৌধুরী, রাহিজা খানম ও মাহফুজা খানম। বিভিন্ন জেলা থেকে আগত নৃত্যশিল্পী শুভেচ্ছা জানান লায়লা হাসানকে। সবশেষে ছিল নৃত্যানুষ্ঠান। এতে ‘বাজেরে বাজে ডমরু বাজে’ গানের সঙ্গে কত্থক নৃত্য পরিবেশন করেন চট্টগ্রামের শিল্পীরা। ‘মঙ্গলাচরণ’ গানের সঙ্গে ছিল ওড়িশি নৃত্য। এরপর খুলনার শিল্পীরা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, নোয়াখালীর আঞ্চলিক নৃত্য, সিলেটের শিল্পীরা ‘অম্বরে মেঘ মৃদঙ্গ বাজে’, রাজশাহীর শিল্পীরা ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। পুরো আয়োজনে নৃত্যশিল্পীরা ছিলেন উচ্ছ্বসিত আর লায়লা হাসান ছিলেন আবেগাপ্লুত। আফরোজা ইয়াসমিনের ‘তোমার সুরের নেশায়’ শিল্পী আফরোজা ইয়াসমিনের গাওয়া নজরুলসংগীতের অ্যালবাম তোমার সুরের নেশায়-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব হলো গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা অ্যালবামটি প্রকাশ করেছে। শিল্পী আফরোজা ইয়াসমিন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গসংগীতের ওপর পোস্ট ডক্টরেট করেন। খেয়াল, ঠুমরি, দাদরা ও গজল গায়কিতে তাঁর দখল ভালো। এবার তিনি কণ্ঠ দিয়েছেন নজরুলসংগীতে। অ্যালবামে ‘তোমার সুরের নেশায়’, ‘আমার কথা লুকিয়ে থাকে’, ‘বলেছিলে ভুলিবে না’, ‘এসো বধূ ফিরে এসো,’ ‘বজ্রগোপী খেলে’, ওগো বৈশাখী ঝড়,’ ‘আজো বোলে কোয়েলিয়া’, ‘তুমি প্রভাতের সকরুণ ভৈরবী’ ইত্যাদিসহ ১৮টি গান স্থান পেয়েছে। অনুষ্ঠানে শিল্পী অ্যালবামের গানগুলো পরিবেশন করে দর্শক-শ্রোতাদের শোনান।কাল মাইকেল মধুসূদন স্মরণে আলোচনাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে যাত্রা প্রশিক্ষণ উন্নয়ন গবেষণা পরিষদ কাল সোমবার সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও শ্রুতি আবৃত্তির আয়োজন করেছে। ‘বাংলা রঙ্গমঞ্চে মাইকেল’ শীর্ষক নিবন্ধ পাঠ করবেন অভিনেত্রী বনশ্রী অধিকারী। আলোচনায় অংশ নেবেন ইসরাফিল শাহীন, আফসার আহমেদ ও নাট্যকার-নির্দেশক গোলাম সারোয়ার। সভাপতিত্ব করবেন সংগঠনের চেয়ারম্যান তাপস সরকার।দ্বিতীয় পর্বে মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম সর্গ শ্রুতি আবৃত্তি করবেন যাত্রানট মিলন কান্তি দে। পরে আবৃত্তির ওপর বিশ্লেষণমূলক আলোচনা করবেন নাট্য শিক্ষক ও আবৃত্তিকার নিরঞ্জন অধিকারী ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়।