নৃত্যাঞ্চলের ছৌ নাচ
নৃত্যাঞ্চলের ২০ দিনব্যাপী ছৌ নৃত্য কর্মশালা শেষ হচ্ছে ২১ জুন। ওই দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে কর্মশালায় অংশগ্রহণকারীরা এক নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। এখানে তাঁরা আধা ঘণ্টার একটি পরিবেশনায় অংশ নেবেন। এই কর্মশালায় অংশ নিচ্ছেন ৭০ জন নৃত্যশিল্পী। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের স্বপন মজুমদার। নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা জানান, ছৌ নৃত্যের ওপর এটি তাঁদের চতুর্থ কর্মশালা। নীপা বললেন, ‘ছৌ নৃত্য আমাদের গ্রামবাংলার আবহমান সংগীত ধারার সঙ্গে বহুমাত্রিকভাবে সম্পৃক্ত। তাকে আরও আধুনিক ও সৃষ্টিশীল করার লক্ষ্যে আমরা ছৌ নৃত্য নিয়ে কাজ করছি।’ জানা গেছে, সোমবার সমাপনী অনুষ্ঠানে স্বপন মজুমদারের পরিকল্পনা ও নির্দেশনায় একটি নৃত্যানুষ্ঠান হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের পাশাপাশি এখানে দ্বৈত নৃত্য পরিবেশন করবেন স্বপন মজুমদার ও সুচিতা মজুমদার।