
অনুষ্ঠান শুরু হতে তখনো এক ঘণ্টার বেশি সময় বাকি। জাতীয় নাট্যশালার করিডরে দেখা গেল সাজসজ্জায় ব্যস্ত কয়েকজন। বর্ণিল আয়োজন। নাট্যশালার ভেতর থেকে ভেসে আসছে নূপুরের নিক্বণ। এই আওয়াজ লক্ষ করে ভেতরে ঢুকেই দেখা গেল আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। নৃত্যশিল্পী শিবলী মহম্মদ আর শামীম আরা নীপার নির্দেশনায় নানা বয়সের শিল্পীরা মহড়ায় ব্যস্ত।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক নৃত্য দিবস। আর দিবসটি উদ্যাপন উপলক্ষে এক দিন আগে গতকাল সোমবার নৃত্যমালা শীর্ষক বৈচিত্র্যময় নৃত্যানুষ্ঠানের আয়োজন করে নৃত্যাঞ্চল।
আয়োজনের শুরুতেই ছিল নৃত্যাঞ্চলের খুদে নৃত্যশিল্পীদের পরিবেশনা। এরপর ‘নৃত্যাঞ্চল গ্রুপ’-এর শিল্পীরা ধ্রুপদি, লোকজ, সৃজনশীল, আধুনিক নৃত্য পরিবেশ করেন। ছিল কয়েকটি ধারার মিশেলে ফিউশন নৃত্য পরিবেশনা।
কোরিওগ্রাফি করেছেন মহুয়া মুখার্জি, তরুণ প্রধান, শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, সোমা মুমতাজ, স্বপন মজুমদার, সারোয়ার আহমেদ, জামাল আহমেদ, শাম্মী ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য দিবসের তাৎপর্য ও এবারের দিবসের বাণীর মর্মকথা তুলে ধরেন নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মুহম্মদ জাহাঙ্গীর।