নৃত্যে ও অভিনয়ে অনন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

...আমার বাবাও লোকনৃত্য নিয়ে অনেক কাজ করেছেন। আমি নিজে ধ্রুপদী নাচও শিখেছি। আমার কেন জানি মনে হয়, লোকনৃত্যটা আমাদের একেবারে রক্তে মিশে আছে; মাটির গন্ধ পাওয়া যায় এতে। আমার নাচের মধ্যে লোকনৃত্যের প্রভাব বেশি। আর লোকনৃত্য এমন একটা বিষয়, আপনি আফ্রিকার ঢোলবাদন শুনুন আর আমাদের সাঁওতাল ঢোল শুনুন—দেখবেন কত মিল; এসবের মধ্যে কোথায় যেন একটা ঐকতান—একই সুর, একটা নাড়ির টান আছে।...আমাদের সবার মাথার ওপর একটাই ছাদ—আকাশ। আমরা সব এক বাড়ির, এক পরিবারের মানুষ। লোকনৃত্য মানুষকে বাঁধতে পারে, কাছে টানতে পারে। এটা ধ্রুপদ নাচ সব সময় পারে না। মোট কথা, নাচের মধ্য দিয়ে আমি একটা সর্বজনীন ভাষা (ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ) খোঁজার চেষ্টা করছি, যাতে সারা পৃথিবীর মানুষ কোনো একটি জায়গায় এসে মিলতে পারি।...এটা ঠিক যে এ পর্যন্ত আমি বিকল্প ধারার চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরে অভিনয় করিনি। তার মানে এই নয়, আমি বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করতে চাই না। পছন্দমতো গল্প ও চরিত্র পেলে আমি সব রকম ছবিতে অভিনয় করতে চাই। উচ্চারণগুলো ভালোবাসার—নৃত্যের প্রতি, অভিনয়ের প্রতি; সর্বোপরি শিল্প-সংস্কৃতির প্রতি। নৃত্য ও অভিনয়কে ভালোবেসে ঘুরিয়ে-ফিরিয়ে এ কথাগুলো বিভিন্ন সময় বহুবার বলেছেন নৃত্য ও অভিনয়শিল্পী মমতাশঙ্কর।১৯৫৫ সালের ৭ জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মমতাশঙ্কর। যে পরিবারের রয়েছে এক ঋদ্ধ সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ। মমতাশঙ্কর উপমহাদেশের কিংবদন্তি নৃত্যশিল্পী দম্পতি উদয় ও অমলাশঙ্করের কন্যা। আনন্দশঙ্কর তাঁর ভাই। তাঁর কাকা বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর। মমতাশঙ্কর ‘উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার’ থেকে মা অমলাশঙ্করের তত্ত্বাবধানে নাচের পাঠ নেন। ১৯৮৬ সালে কলকাতায় তিনি তাঁর স্বামী চন্দ্রোদয় ঘোষকে সঙ্গে নিয়ে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘উদয়ন’ প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতন ও সল্টলেকে এর শাখা রয়েছে। ‘উদয়ন’-এর নৃত্যদল নিয়ে তিনি পৃথিবীর বিভিন্ন দেশের নাচের অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশেও তিনি দলসহ বেশ কয়েকবার নৃত্যানুষ্ঠান করে গেছেন।তথ্যপ্রযুক্তির এ যুগে সবকিছু দ্রুত পরিবর্তনশীল। শিল্প-সংস্কৃতিও এর বাইরে নয়। এ ব্যাপারে মমতাশঙ্কর যথেষ্ট সচেতন। এ পাঠ তাঁকে দিয়ে গেছেন তাঁর বাবা উদয়শঙ্কর। এ প্রসঙ্গে মমতাশঙ্করের মন্তব্য:বাবা সব সময় বলতেন, তিনি যা করেছেন তাঁর পুনরাবৃত্তি যেন না করি। সব সময় যেন নতুন কিছু করার চেষ্টা করি। আমি সে কথা মনে রেখেই কাজ করে যাচ্ছি। আমি সব সময় কঠিন বিষয়কে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমার নৃত্য শুধু বোদ্ধারা উপভোগ করবেন, সাধারণ মানুষ বুঝবে না, এটা আমি চাই না। আমার নাচকে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই।নাচের মতো অভিনয়েও তিনি পারদর্শী। অভিনয়ে তাঁর অভিষেক ঘটে ১৯৭৬ সালে মৃণাল সেনের মৃগয়া ছবির মাধ্যমে। তিনি মৃণাল সেনের আরও তিনটি ছবি ওকা উরি কথা, একদিন প্রতিদিন ও খারিজ-এ অভিনয় করেন। এ ছাড়া মমতাশঙ্কর অভিনয় করেন বিশ্বখ্যাত চলচ্চিত্রনির্মাতা সত্যজিত্ রায়ের গণশত্রু, শাখা-প্রশাখা ও আগন্তুক-এ। সত্যজিত্ রায় ও মৃণাল সেনের চলচ্চিত্র ছাড়াও মমতাশঙ্কর বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ ও অঞ্জন দত্তের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।নৃত্য ও অভিনয়—উভয় ক্ষেত্রেই মমতাশঙ্কর বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।আশরাফুল হক , তথ্যসূত্র: ইন্টারনেট