নৃত্যে-কবিতায় বসন্ত আবাহন
আমের মুকুল, কোকিলের গান, দমকা হাওয়ার ঝাপটা। প্রকৃতিতে বসন্ত আসার লক্ষণ দেখা গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু তার সঙ্গে দিনপঞ্জিকার তারিখ মেলানোর। গতকাল বুধবার থেকে শুরু হলো ঋতুরাজের রাজ্যাভিষেক।ঢাকায় বসন্ত মানেই পথের জনস্রোতে, অফিসে, আড্ডায় অজস্র বাসন্তী রঙের ছোপ। কলকাতার জনজীবনে সেই আবেগ-উচ্ছ্বাসের কোনো বাহ্যিক প্রকাশ নেই, তবে তার প্রকাশ আছে প্রকৃতিতে। পথের পাশে প্রায়ই চোখে পড়ে সারি সারি শিমুলগাছের নিষ্পত্র শাখাগুলো রক্তিম হয়ে আছে। তার ওপর কলকাকলিতে মুখর পাখ-পাখালির ঝাঁক। শিমুলের রক্তিম আভা নব ফাল্গুনের দিনে লাবণ্য-সুষমা ছড়িয়ে দিয়েছে শহরময়। এমন দৃশ্য আবার ঢাকায় বিরল।নাচের তালে, কবিতার ছন্দে: টানা পাঁচ দিন গানের পর গতকাল বাংলা গানের উৎসবে বৈচিত্র্য এসেছিল নাচের স্পন্দন আর কবিতার ছন্দে। ঋতুরাজকে আবাহন করা হলো নৃত্যের তালে তালে, কবিতার ছন্দে। এদিন ছিল আবৃত্তি ও গীতিনৃত্যনাট্য। বেঙ্গল ফাউন্ডেশন এবং আইটিসি এসআরএ যৌথ আয়োজনে ৮ ফেব্রুয়ারি থেকে বাংলা গানের এই উৎসব শুরু হয়েছে। এর সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো। সহযোগিতায় দ্য ডেইলি স্টার ও সম্প্রচার সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনীতা।আবৃত্তি দিয়েই শুরু হয়েছিল অনুষ্ঠান। আবৃত্তি করেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। শুরুতেই তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে কেবল সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক সৃষ্টি হলেই চলবে না, মানুষে মানুষে সম্পর্কের উন্নয়ন না ঘটলে প্রকৃতপক্ষে কোনো সুফল পাওয়া যায় না। এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই দুই দেশের মানুষের মধ্যে সেই সম্পর্কের উন্নতি ঘটতে পারে। এরপর তিনি কবিগুরুর ‘নম নম নম বাংলাদেশ মম’সহ নজরুলের ‘আমার কৈফিয়ত’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’, শামসুর রাহমানের ‘আমি অভিশাপ দিচ্ছি’, সিকান্দার আবু জাফরের ‘বাংলা ছাড়ো’ এবং শ্রোতাদের অনুরোধে সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারা জীবন কাব্যনাট্যের প্রস্তাবনার অংশবিশেষ আবৃত্তি করেন।ঢাকার নৃত্যসংগঠন ভাবনা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ভানুসিংহের পদাবলী। এর কণ্ঠসংগীতে ছিলেন মিতা হক ও সুপ্রতীক দাস।ভানুসিংহের পদাবলীর নৃত্যটি আয়োজন করা হয়েছে মনিপুরী এবং ভরত নাট্যমের সংযোগে। নৃত্য পরিচালনা ও রাধার চরিত্রে ছিলেন সামিনা হোসেন। কৃষ্ণের চরিত্রে ছিলেন মেহরাজ হোসেন। অন্যদের মধ্যে ছিলেন বর্ণা, অনিমা, তমা, প্রৈতী, সুনন্দা, অপর্ণা, সাচি, লোপা, নিপু, রওনক, আনুষ্কা, অপরাজিতা, মৌমিতা, শ্রেয়শী, নয়ন, তাহনুন, হানিফ, মাহবুব, সঞ্জয় ও সাব্বির।এরপর পরিবেশন করা হয় নৃত্যনাট্য শাপমোচন। শাপমোচন-এর কণ্ঠসংগীত পরিবেশন করেন শ্রেয়া গুহ ঠাকুরতা ও শ্রীকান্ত আচার্য। নৃত্য পরিচালনা করেন দেবপ্রিয়া রায় ও শ্রাবন্তী সেন।ও আমার দেশের মাটি: গতকালের অনুষ্ঠানে ছিল আধুনিক ও রবীন্দ্রনাথের গান। বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী শুনিয়েছেন আধুনিক গান। কলকাতার শুভমিতা ও শ্রীকান্ত আচার্য উভয় প্রকারের গানই করেছেন। অনুষ্ঠানের সমাপ্তিটি ছিল অসাধারণ। শ্রীকান্ত আচার্য তাঁর পরিবেশনা শেষ করার পর মঞ্চে আসেন ফাহমিদা নবী, লালিব কামাল গৌরব ও নবনিতা। সবাই মিলে তাঁরা গাইলেন ‘ও আাামার দেশের মাটি...।’ আসন থেকে উঠে দাঁড়ালেন শ্রোতারা। গলা মেলালেন অনেকেই। সৃষ্টি হলো এক অসাধারণ মুহূর্তের। আজকের অনুষ্ঠান: আজ বৃহস্পতিবার সপ্তম দিনে পঞ্চকবির গান শোনাবেন মিতা হক, বুলবুল ইসলাম, লাইসা আহমেদ ও অদিতি গুপ্ত।