
‘চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে নৃত্য উৎসব ও মেলা। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে যৌথভাবে সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন প্রাঙ্গণে বিকেলে সংস্থার পতাকা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন নৃত্যশিল্পীরা। এরপর ছিল রায়বেঁশে নৃত্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নৃত্যব্যক্তিত্ব লায়লা হাসান, রাহিজা খানম ঝুনু, সংস্থার সভাপতি মিনু হক প্রমুখ। আলোচনা শেষে পরিবেশিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান। শুরুতে নৃত্য সংগঠন সুইট বাংলাদেশের প্রতিবন্ধী শিশুরা ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ গানের সঙ্গে পরিবেশন করে দলীয় নৃত্য। পরে নৃত্যশ্রীর শিল্পীরা ‘বাজরে বাজরে বাজ বাংলাদেশের ঢোল’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। এরপর ছিল বিভিন্ন সংগঠনের দলীয় ও বিশিষ্ট শিল্পীদের একক নৃত্য।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশিষ্ট নৃত্যশিল্পী রাহিজা খানম উৎসব উপলক্ষে একাডেমীর জাতীয় চিত্রশালায় ছয় দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল নয়টায় ‘মঙ্গল নৃত’ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সকাল সাড়ে নয়টায় শুরু হবে আনন্দ শোভাযাত্রা। এটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা করে জাতীয় প্রেসক্লাব হয়ে শিল্পকলা একাডেমীতে শেষ হবে। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে ‘নৃত্যে তোমার মুক্তির রূপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।