ধানমন্ডির ছায়ানট মিলনায়তনের বাইরে থেকেই ভেসে আসছিল নূপুরের শব্দ। মঞ্চ তখনো ফাঁকা। মঞ্চের পেছনে চলছে শিল্পীদের প্রস্তুতি। মিলনায়তনভর্তি দর্শক অপেক্ষা করছে নৃত্যের তালে তালে দারুণ এক সন্ধ্যা উপভোগের। মণিপুরি ও ভরতনাট্যম নৃত্যধারার মিশ্রণে নৃত্য পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। বিগত বছরগুলোর মতো এ বছরও ছায়ানট শাস্ত্রীয় নৃত্য উৎসবের আয়োজন করেছে। ‘নৃত্যে তোমার মুক্তির রূপ/ নৃত্যে তোমার মায়া/ বিশ্বতনুতে অণুতে অণুতে/ কাঁপে নৃত্যের ছায়া’ এই ভাবনা নিয়ে শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের শাস্ত্রীয় এ নৃত্য উৎসব। সেখানেই দর্শকের এই অপেক্ষা।নৃত্য উৎসবের প্রথম দিনে মণিপুরি নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সামিনা হোসেন ও ওয়ার্দা রিহাব এবং ছায়ানটের নৃত্য বিভাগের শিল্পীরা। এর মধ্যে মণিপুরি কৃষ্ণ বলরাম নৃত্য ‘গোষ্ঠে বিদায় যাচন’ পরিবেশন করেন সামিনা হোসেন। ‘বলরাম নর্তন’ পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। চোলকেট্টো বিষয়ে ‘মোহিনী আট্টম’ নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। দলীয় ভরতনাট্যম পরিবেশন করে ছায়ানটের নৃত্য বিভাগ, সৃষ্টি কালচারাল সেন্টার ও ধ্রুপদ কলাকেন্দ্র। একক ভরতনাট্যম পরিবেশন করেন সালমা বেগম, অমিত চৌধুরী ও শুক্লা সরকার। ওড়িশি নৃত্য শৃঙ্গার পল্লবী পরিবেশন করেন চট্টগ্রামের নৃত্যশিল্পী প্রমা অবন্তী। কত্থক নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ,তাহনিনা ইসলাম ও মাসুম হুসাইন।