নৃত্যে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন
দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৩০ জন শিশুশিল্পীর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। তারা কখনো প্রাচ্য, কখনো পাশ্চাত্য ঘরানার নৃত্য, আবার কখনো দুইয়ের সংমিশ্রণে নিরীক্ষামূলক নৃত্য পরিবেশন করে। গতকাল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনের মূল মিলনায়তনে ‘প্রাচ্য ও পাশ্চাত্যে মিলন’ শীর্ষক নৃত্যানুষ্ঠানের আয়োজন করে নৃত্য সংগঠন ‘ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স বাংলাদেশ’। সংগঠনটি গত ২৪ জানুয়ারি থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে পাঁচ দিনব্যাপী সমসাময়িক নৃত্য কর্মশালার আয়োজন করেছিল। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই নৃত্যানুষ্ঠানের। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের নিরীক্ষামূলক নৃত্যশিল্পী সিনথিয়া লি। অনুষ্ঠানে তিনিও তিনটি নিরীক্ষামূলক আধুনিক নৃত্য পরিবেশন করেন। নৃত্যানুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন আয়োজক সংগঠনের পৃষ্ঠপোষক লায়লা হাসান।জহির রায়হান স্মরণ‘তাঁর জীবন পাঠ করলে দেখা যায়, তিনি বেড়ে উঠেছেন দেশাত্মবোধ, রাজনৈতিক সচেতনতা, বাঙালির সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যের প্রতি দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে। তাঁর চলচ্চিত্র ও রচনা আমাদের সে কথাই বলে।’চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান সম্পর্কে আলোচনা সভায় বক্তারা এভাবেই বলছিলেন। গতকাল রোববার বিকেলে জহির রায়হানের অন্তর্ধান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যাফে থিয়েটারে এ আলোচনা সভা করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহার, সৈয়দ হাসান ইমাম, মসিহ উদ্দিন শাকের, কবি কাজী রোজী, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসীন, অনল রায়হান প্রমুখ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব আনিসুর রহমান। মূল প্রবন্ধে লেখক মনিস রফিক বলেন, ‘জহির রায়হানের অবর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র অবিভাবকশূন্য হয়ে পড়ে। বর্তমানে আমাদের চলচ্চিত্র যে সংকটের মধ্য দিয়ে পথ পাড়ি দিচ্ছে, তা একটি দেশের সুস্থ সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। প্রশ্ন উঠতে পারে, জহির রায়হান বেঁচে থাকলে কি এই সংকট দূর করা সম্ভব হতো? নির্দ্বিধায় বলা যায়, অবশ্যই হতো। কারণ দেশের মহাক্রান্তিকালে তিনি জীবন থেকে নেয়া ও স্টপ জেনোসাইড-এর মতো চলচ্চিত্র নির্মাণ করে জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি যেকোনো ক্রান্তিকালে দক্ষ ক্যাপ্টেনের মতো জাহাজের হাল ধরতে পারতেন।’আলোচনা শেষে জহির রায়হানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কাঁচের দেয়াল প্রদর্শিত হয়। ‘অষ্টভ্রমণ’-এর প্রকাশনাস্থপতি শাকুর মজিদের আটটি ভ্রমণকাহিনির সংকলন অষ্টভ্রমণ-এর প্রকাশনা অনুষ্ঠান ছিল গতকাল মহাখালী ব্র্যাক সেন্টার মিলনায়তনে। অনুষ্ঠানে শাকুর মজিদ ও অন্য চারজন পর্যটকের দল ‘পঞ্চপর্যটক’-এরও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অধ্যাপক সফিউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন স্থপতি ও কবি রবিউল হুসাইন এবং শাকুর মজিদ। অষ্টভ্রমণ প্রকাশ করেছে উৎস প্রকাশন।জাতীয় কবিতা উৎসব কালআগামীকাল মহান মাতৃভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘জাতীয় কবিতা উৎসব’। এবার উৎসবের স্লোগান ‘কবিতা উৎসব মুক্তির উৎসব’। উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত পরিষদের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।কলকাতায় বাংলাদেশি ছাত্রের চিত্র প্রদর্শনীকলকাতা প্রতিনিধি জানান, কলকাতায় রবীন্দ্রনাথ ট্যাগোর সেন্টারে বাংলাদেশের তরুণ শিল্পী পার্থ প্রতিম বালার এক একক চিত্র প্রদর্শনী শেষ হয়েছে গতকাল রোববার। তিনি ভারতের আইসিসিআরের বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রশিল্পে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। ‘মাই নেটিভ প্লেস ইন ড্রিম’ নামের এই প্রদর্শনীতে তাঁর ১৭টি শিল্পকর্ম ছিল।