নৃত্যের ছন্দে-আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় নৃত্যশিল্পী ও অনুরাগীদের ভিড়। শিশু থেকে শুরু করে নানা বয়সের শিল্পীদের অনেকের পরনে শাড়ি। কেউ কেউ সেজেছেন ঐতিহ্যবাহী নৃত্যের পোশাক আর গয়নায়। ঢোলের বোলে মুখর পরিবেশ।২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। সে উপলক্ষে ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ এক সাথে’ স্লোগানে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নৃত্য উৎসব। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।বিকেলে এর উদ্বোধন করেন জ্যেষ্ঠ নৃত্যশিল্পী রাহিজা খানম। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবু জাফর সিদ্দিকী, শিশু একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ ও সংগীত শিল্পী তপন মাহমুদ।‘আমরা সবাই রাজা’ গানটির সঙ্গে সংঘ মঞ্জরীর শিশু শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সুকন্যার শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করে ‘ঢোল বাজে, বাঁশি বাজে’ গানটির সঙ্গে। ভোরের পাখির শিশুরা দলীয় নৃত্য পরিবেশন করে ‘সুন্দর বটে তব অঙ্গদখানি’ গানের সঙ্গে।এ ছাড়া নৃত্য পরিবেশন করে নটরাজ, নৃত্য রং, মালপোষ, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, ঘাসফুলনদীসহ প্রায় ৪০টির মতো নৃত্য সংগঠন।উৎসব উপলক্ষে প্লাজার এক পাশে চলছে মেলা। এর বিভিন্ন স্টলে নানা রকম নৃত্যের পোশাক ও গয়না বিক্রি হচ্ছে। এ ছাড়া একটি স্টলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন নৃত্য অনুষ্ঠানের আলোকচিত্র।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আজ রোববারের কর্মসূচি নিবেদন করা হবে তাঁর উদ্দেশ্যে। পরিবেশিত হবে রবীন্দ্র নৃত্য। স্বাধীনতার চল্লিশতম বর্ষ উপলক্ষে সোমবার সব নৃত্য পরিবেশিত হবে দেশের গানের সঙ্গে। উৎসবে নৃত্যানুষ্ঠান ছাড়াও থাকবে সেমিনার, আলোচনা ও শোভাযাত্রা। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।