অর্জুন এসেছে মণিপুর রাজ্যে। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ মণিপুরের রাজকন্যা পুরুষবেশী চিত্রাঙ্গদার সঙ্গে। চিত্রাঙ্গদার সেই সাজে মনে মোটেই অনুরাগ সঞ্চারিত হয়নি বীরশ্রেষ্ঠ পাণ্ডবের। বিফল মনোরথ চিত্রাঙ্গদা দেব-অনুগ্রহে যখন লাস্যময়ী রূপে এল, তখন অবস্থা গেল পাল্টে। গাণ্ডিবধারী এবার বিমোহিত হলো রূপে, ব্যাকুল হলো প্রণয়ে। সেই প্রেমে চিত্রাঙ্গদা আপাততুষ্ট হলেও একটা সময় তার মনে জাগে দ্বন্দ্ব। নকল রূপের কল্যাণে পাওয়া প্রেম আর তার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। মোহভঙ্গ ঘটে। এভাবেই এগিয়ে চলে চিত্রাঙ্গদার কাহিনি। গতকাল চিত্রাঙ্গদা দিয়েই শেষ হয় তিন দিনের নৃত্যোৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন করে। জাতীয় নাট্যশালায় চিত্রাঙ্গদা পরিবেশন করে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র। নৃত্য পরিচালনা ও চিত্রাঙ্গদার ভূমিকায় ছিলেন তামান্না রহমান। অর্জুন চরিত্রে সৈয়দ মাহবুব রেজা।