
রোজার ঈদে মুক্তি পাওয়া সুলতান ছবির পর থেকে বলিউডে যেন খরা চলছে। শতকোটির মাইলফলক ছাড়ানো ছবি এরপর আর তেমনভাবে পাওয়া যায়নি। অনেক প্রতীক্ষিত ছবিও একেবারে মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, যা এখন ভাবনায় ফেলে দিয়েছে বলিউডের বাজারবিশ্লেষকদের।

এয়ারলিফট, ফ্যান, উড়তা পাঞ্জাব, সুলতান—ছবিগুলোর সফলতার পর বলিউডের ব্যবসা চাঙা ছিল। এর পরপরই যেন ব্যবসায় ভাটা পড়ে। গত জুলাই মাসে ঈদের পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পায় বেশ কিছু আলোচিত বলিউড ছবি। কিন্তু সব কটাই এমনভাবে ব্যর্থ হয়, যা রীতিমতো আতঙ্কে ফেলে দেয় বলিউড বণিকদের। ঈদুল ফিতরের পর বক্স অফিসে শুধু আলোড়ন তোলে রজনীকান্তের কাবালি। কিন্তু তা-ও ঠিক বলিউডের প্রযোজনা নয়। ভারতের তামিল ছবির তারকা রজনীকান্তের এই ছবির মূল বাজার ছিল আসলে দক্ষিণ ভারত। বলিউডের সফলতা তো ছিল কাবালির জন্য বোনাস পাওয়ার মতো।
গত ৬ জুলাই ঈদ উপলক্ষে ভারতজুড়ে মুক্তি পায় আলী আব্বাস জাফর পরিচালিত ও সালমান খান-আনুশকা শর্মা অভিনীত সুলতান। এখন পর্যন্ত ২০১৬ সালে মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসাসফল এবং ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী ছবি এটি। সেই ৬ জুলাইয়ের পর থেকে গত সপ্তাহ পর্যন্ত বলিউডে মুক্তি পেয়েছে প্রায় ২০টি ছবি। এর মধ্যে বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, হৃতিক রোশনের ছবিও ছিল। কিন্তু তাঁদের তারকাখ্যাতি প্রত্যাশা অনুযায়ী আলো ছড়াতে পারেনি বক্স অফিসে। গত ১৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ছবি পিঙ্ক। কিন্তু গত এক সপ্তাহে ছবিটির আয় মাত্র ২২ কোটি রুপি।
গত আড়াই মাসের বলিউড ব্যবসায় একমাত্র উপার্জনকারী ছবিটির নাম রুস্তম। অক্ষয় কুমার অভিনীত এ ছবির আয় প্রায় ১১৬ কোটি রুপি। এর বাইরে সব ছবিই শুধু ব্যর্থতার বোঝাকেই ভারী করেছে। যেমন ধরা যাক আশুতোষ গোয়ারিকরের মহেঞ্জো দারোর কথা। গত বছর থেকেই এ ছবি নিয়ে দারুণ আলোচনা ছিল বলিউডে। কারণ, এ ছবির মধ্য দিয়ে প্রায় দুই বছর পর হৃতিক রোশন ফিরেছেন বড় পর্দায়। তা ছাড়া ইতিহাসনির্ভর গল্প হওয়ায় এর নির্মাণশৈলীতেও চমক রেখেছিলেন নির্মাতা। কিন্তু হায়! ছবিটি বাজেভাবে মার খায় বক্স অফিসে। যেখানে ২০১৪ সালে হৃতিকের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ব্যাং ব্যাং হলিউডের ছবির অনুকরণ হয়েও আয় করেছিল প্রায় ২০০ কোটি রুপি, সেখানে বড় বাজেটের ছবি মহেঞ্জো দারো শতকোটি ক্লাবের কাছে ঘেঁষতে পারেনি।
ব্যর্থতার এই গল্প শুধু হৃতিককে ঘিরেই নয়, গত সপ্তাহে মুক্তি পাওয়া করণ জোহর প্রযোজিত ছবি বার বার দেখো নিয়েও আলোচনার কমতি ছিল না। ছবির গান ‘কালা চশমা’ সবার মুখে মুখে ঘুরলেও, কারও মুখে এ ছবির প্রশংসা শুনতে পাওয়া দুর্লভ এক বিষয়। এক চলচ্চিত্র সমালোচক তো এই ছবি দেখে বলেছেন, ‘নাম বার বার দেখো হলেও, ছবিটি আসলে একবার দেখারও উপযুক্ত নয়!’
সুলতান ছবিটির পর অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে মুক্তি পায় জন এব্রাহাম-জ্যাকুলিন-বরুন ধাওয়ান অভিনীত ছবি ঢিসুম, রিতেশ দেশমুখ-আফতাব-বিবেক ওবেরয়ের ছবি গ্রেট গ্র্যান্ড মাস্তি, টাইগার শ্রফ-জ্যাকুলিন ফার্নান্দেজ জুটির আ ফ্লাইং জাট, সোনাক্ষী সিনহা অভিনীত আকিরা, হ্যাপি ভাগ জায়েগি। আরশাদ ওয়ার্সির দ্য লিজেন্ড অব মাইকেল মিশ্র আর সর্বশেষ গত সপ্তাহে মুক্তি পাওয়া আলোচিত ‘রাজ’ সিরিজের ছবি রাজ রিবুট। কিন্তু কোনোটাই প্রত্যাশা পূরণে সফল হতে পারেনি। বলিউডের এই বেহাল অবস্থা কাটাতে এখন তাই অপেক্ষা নতুন সময়ের। বলিউড বণিকেরা তাকিয়ে আছেন বছরের শেষ ভাগের দিকে। কেননা সামনেই দুর্গাপূজা, দীপাবলি, বড়দিন আর থার্টি ফার্স্ট উপলক্ষকে ঘিরে জমে উঠতে পারে বলিউড। কারণ, সেই সময় মুক্তি পাবে আরও কিছু প্রতীক্ষিত ছবি। এই তালিকায় আছে করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল, ফারহান আখতার অভিনীত রক অন টু, বিদ্যা বালানের কাহানি টু, আদিত্য চোপড়া পরিচালিত বেফিকর আর আমির খানের ছবি দাঙ্গাল। যদি এসব ছবি বলিউড বক্স অফিসের হাল ধরতে পারে, তবেই মান রক্ষা হবে ২০১৬ সালের বলিউড ব্যবসার। তা না হলে, এক সুলতান-ই হয়ে থাকবে বলিউডের ২০১৬ সালের মানরক্ষার একমাত্র নাম।
আদর রহমান
বলিউড হাঙ্গামা, মিড-ডে, মুম্বাই মিরর অবলম্বনে