নেই প্রেক্ষাগৃহ, নেই দর্শক

ঢাকার সূত্রাপুর। চলচ্চিত্রের অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বাড়ি। সে বাড়ির বৈঠকখানায় বসে কথা হচ্ছিল ঈদুল আজহার দিন কয়েক আগে। কদিন পরই ঈদ। মুক্তি পাবে ঈদের ছবি। তিনি কি যাবেন সিনেমা হলে? উত্তরটা দেওয়ার আগে ছোটবেলা থেকে ‘সিনেমার পোকা’ মাথায় নিয়ে বড় হওয়া এ টি এম শোনালেন বেশ কয়েকটি গল্প। তারপর বললেন, ‘সিনেমা হল কই, কোথায় যাব? যা-ও আছে, সেখানে কি যাওয়া যায়?’
চলচ্চিত্রপাড়ায় একটি কথার খুব চল: ‘সিনেমার সেই দিন আর নেই।’ সেই দিন বলতে আসলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশি-নব্বই দশকের কথাই বোঝান সম্ভবত। যখন দেশজুড়ে ছিল প্রায় ১ হাজার ২০০ প্রেক্ষাগৃহ, টিকিটের জন্য লাইন আর প্রেক্ষাগৃহ-ভর্তি দর্শক, পরিবার নিয়ে সিনেমা দেখা, দিনভর সিনেমার গল্প।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, নব্বই দশকের একেবারে শুরুতে মার্কিন সংবাদভিত্তিক চ্যানেল সিএনএন বিটিভির মাধ্যমে বাংলাদেশে প্রতিদিন কয়েক ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। একই সময়ে বিবিসিও তাদের সম্প্রচার শুরু করে। স্যাটেলাইটের মাধ্যমে ঘরবাড়িতে ডিশ অ্যানটেনা ব্যবহারের কারণে বাংলাদেশি দর্শকেরা বহির্বিশ্বের অনুষ্ঠান দেখার বিরাট সুযোগ পায়। ১৯৯২-৯৫ সালে বাংলাদেশে ১০টি আন্তর্জাতিক টিভি চ্যানেল দেখার সুযোগ তৈরি হয়। ২০০১ সালে এই সংখ্যা ৫০ ছাড়িয়ে যায় এবং বর্তমানে শতাধিকের ওপরে। এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো জনসাধারণের জন্য বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। এসব চ্যানেলে প্রচারিত সিনেমা, নাটক ও নানা ধরনের অনুষ্ঠান দর্শকের মন কাড়তে থাকে। নব্বই দশকের শেষে চ্যানেল আই, এটিএন বাংলা বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল হিসেবে কার্যক্রম শুরু করে।
এদিকে ১৯৯৮ সাল থেকেই মধ্যবিত্তের একটা বিশাল গোষ্ঠী এবং উচ্চবিত্ত পরিবারের মানুষেরা আস্তে আস্তে প্রেক্ষাগৃহবিমুখ হয়ে পড়ে। আকাশ-সংস্কৃতির দ্রুত প্রসারের কারণে দর্শকেরা খুব সহজেই বিশ্বসিনেমা সম্পর্কেও একটা ধারণা পেতে শুরু করে। দর্শকের মধ্যে দেশ-বিদেশের সিনেমার সঙ্গে তুলনা করার প্রবণতা তৈরি হয়। এদিকে আকাশ-সংস্কৃতি উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের নির্মাতারা নকল সিনেমাও বানানো শুরু করেন। এ কারণে দর্শকেরা প্রেক্ষাগৃহবিমুখ হয়ে পড়ে। দিনের পর দিন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রেক্ষাগৃহের মালিকেরা তাঁদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন।
বিষয়টির সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত দাশ বলেন, ‘বাংলাদেশি সিনেমার ব্যবসা মন্দা হতে থাকে ১৯৯৫ সাল থেকে। আকাশ-সংস্কৃতিও অনেক বড় একটা কারণ।’
প্রেক্ষাগৃহের শুরু
আহমাদ মাজহারের লেখা বাঙালির সিনেমা বইয়ে উল্লেখ আছে, ঢাকায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছিল ‘ক্রাউন থিয়েটার’-এ। উনিশ শতকের গোড়ার দিকের ঘটনা এটি। আর নির্বাক সিনেমার যুগে ঢাকায় শুধু সিনেমা দেখানোর জন্য নির্মিত হয়েছিল ‘পিকচার হাউস’। পরে এর নামকরণ করা হয় ‘শাবিস্তান’। এরপর একে একে ঢাকায় নির্মিত হয় বেশ কিছু প্রেক্ষাগৃহ। আর প্রেক্ষাগৃহ নির্মাণের হিড়িক শুধু ঢাকায় নয়; চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জেও পড়ে। বড় পর্দায় সিনেমা দেখতে একসময় সব শ্রেণির মানুষের ভিড় ছিল লক্ষণীয়। পরিবার নিয়ে সিনেমা দেখা ছিল বাঙালির অন্যতম বিনোদন। কিন্তু সে অবস্থায় ভাটা পড়েছে। সব ধরনের দর্শককে হলবিমুখ করার পেছনে কাটপিস সিনেমাটাও দায়ী।
একমত হলেন একসময়ের জনপ্রিয় রিয়াজ। বললেন, ‘বাংলাদেশে পরিচালক তৈরির কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানও নেই। সিনেমার মানও পড়েছে।’
১৯৯৮ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি থেকে প্রকাশিত চলচ্চিত্র পরিবেশক নির্দেশিকা বইতে উল্লেখ আছে, সারা দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা ৯৬৭। দেশ স্বাধীন হওয়ার পর সিনেমা হলের সংখ্যা ছিল ১৬৮। ১৯৮৩ সাল থেকে সিনেমা হলের সংখ্যা বাড়তে থাকে। একটা সময় গিয়ে ১ হাজার ২৩৫টি সিনেমা হল সারা দেশে ছবি প্রদর্শনের উপযোগী হয়। এদিকে ২০১৬ সালে ঈদুল আজহার হিসাব অনুযায়ী সেই সংখ্যা এসে পৌঁছেছে ৩৩০-এর ঘরে। এর মধ্যে কিছু প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শিত হয় অনিয়মিত।
বাড়া-কমার প্রেক্ষাগৃহ
অবস্থা এমন ছিল না। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিনের দেওয়া তথ্যমতে, স্বাধীনতার উত্তর ও পরবর্তী সময়ে চলচ্চিত্র বদলে গিয়েছিল। আর এই বদলে যাওয়ার পেছনে বড় অবদান ছিল প্রেক্ষাগৃহের। সিনেমার সুদিন, ব্যবসায়িক সফলতা সবকিছুর যোগফল ছিল নতুন প্রেক্ষাগৃহ। এর পেছনে ছিল ব্যবসাসফল ‘হিট’ তকমা লাগা বেশ কিছু ছবি।
জানা গেছে, ১৯৬৫ সালে মুক্তি পাওয়া রূপবান, ১৯৭২ সালে বাহরাম বাদশা এবং ১৯৮৯ সালে মুক্তি পাওয়া বেদের মেয়ে জোছনা ছবি তিনটি এ দেশে নতুন নতুন প্রেক্ষাগৃহ গড়ার মূল কারিগর। তিন শতকের এই তিনটি ছবির ব্যবসায়িক সাফল্যের কারণে দেশের আনাচ-কানাচে গড়ে উঠেছিল অনেক প্রেক্ষাগৃহ। নব্বইয়ের দশকেও প্রেক্ষাগৃহ ছিল রমরমা। কিন্তু সেই দশকের শেষ দিকে অশ্লীলতার কারণে থমকে যায় পুরো মাধ্যম। ওই সময় ধীরে ধীরে কমতে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যা।
মিঞা আলাউদ্দিনের মতে, হল ভেঙে ফেলার শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে, করেছিল তৎকালীন সরকার। সরকারিভাবে রাজধানীর গুলিস্তান ও নাজ সিনেমা হল ভাঙার মাধ্যমে প্রেক্ষাগৃহ ভাঙার কাজ শুরু হয়। কথা ছিল, ওই দুটি হলের জায়গায় বিপণিবিতান এবং তার ওপর প্রেক্ষাগৃহ তৈরি হবে। কিন্তু ২০ তলা ভবন দাঁড়িয়ে গেলেও সেখানে নেই কোনো সিনেমা হল। এখন পর্যন্ত দেওয়া কথা রাখেনি কেউ।
একমত হলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ১৯৮৯ পর্যন্ত জমির দাম অত বেশি ছিল না। মানুষ তখন সিনেমা হলের জন্য জায়গা কিনেছে। ২০০১ সালের পর থেকে ঢাকা শহরে এবং সারা দেশে জমির দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। মানুষ জমিতে বিনিয়োগ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছে। প্রেক্ষাগৃহের চেয়ে তাই অন্য বিনিয়োগে মনোযোগী হন মালিকেরা।
ব্যবসায়িক মন্দার কারণ
প্রেক্ষাগৃহ নিয়ে ব্যবসায়িক মন্দার জন্য তিনটি কারণ উল্লেখ করেছেন প্রদর্শকেরা। ভিসিআর, ডিশ ও পাইরেসি—এই তিন কারণে দর্শকেরা হলবিমুখ হয়েছেন। আর দর্শক না থাকার কারণে প্রেক্ষাগৃহ ভাঙতে বাধ্য হয়েছেন মালিকেরা। এ ছাড়া আরও একটা বড় কারণ অশ্লীলতা। এ কারণে মধ্যবিত্তরা পরিবার নিয়ে প্রেক্ষাগৃহবিমুখ হয়েছেন।
সিনেমা ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটি বড় কারণ পাইরেসি। সিনেমা রিলিজের এক দিনের মাথায় পাইরেসি হয়ে যেত মুক্তিপ্রাপ্ত সব ভালো সিনেমা। একমত হলেন চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান। ‘সিনেমা পাইরেসি হয়ে যাওয়ায় হল মালিকেরা ব্যবসা করতে পারলেন না। সত্যিকারের ব্যবসায়ীরা এতে খুবই বিরক্ত হলেন। অফিসঘর গুটিয়ে নিলেন। সিনেমার দর্শক প্রেক্ষাগৃহের ভালো পরিবেশের কারণেও মুখ ফিরিয়ে নিল। খুব বাজে একটা প্রভাব পড়ল পুরো মাধ্যমে।’ যোগ করেন তিনি।
ভালো চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে উল্টো প্রশ্ন করেন তিনি, ‘আমরা কোথা থেকে ছবির মান ঠিক রাখব। ছবি ব্যবসা না হলে কে বিনিয়োগ করবে?’
প্রেক্ষাগৃহবিহীন জেলা শহর
দেশের এমনও জেলা শহর আছে, যেখানে একসময় প্রেক্ষাগৃহ থাকলেও এখন আর নেই। কিছু বন্ধ হয়ে গেছে, কিছু ভেঙে বহুতল ভবন করা হয়েছে। এর মধ্যে বরগুনা, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নরসিংদী শহরে কোনো প্রেক্ষাগৃহ নেই। তবে শহরে না থাকলেও এসব জেলার দু-একটি থানায় সিনেমা হল আছে। কিন্তু সেগুলোর অবস্থা খুবই নাজুক। জানা গেছে, গত সাত বছরে ঢাকা শহরে বন্ধ করে দেওয়া হয়েছে ১৪টি প্রেক্ষাগৃহ। এর মধ্যে পুরো বন্ধ রয়েছে ২৩০টি। এ ছাড়া চট্টগ্রামে ৮৭টি, রাজশাহীতে ১৪২টি, খুলনায় ৯৪টি, বরিশালে ৩৬টি, সিলেটে ২৫টি আর রংপুর বিভাগে বন্ধ হয়েছে ১০৬টি প্রেক্ষাগৃহ। এর মধ্যে নয়টি সিনেমা হল ভেঙে বিপণিবিতান নির্মাণ করা হয়েছে।
এত এত প্রেক্ষাগৃহ বন্ধ হলেও দিব্যি চলচ্চিত্রের ‘নাম্বার ওয়ান’ নায়কের খেতাব নিয়ে টিকে আছেন শাকিব খান। কিন্তু তিনিও খানিকটা চিন্তিত প্রেক্ষাগৃহ বন্ধ ও দর্শক কমে যাওয়া প্রসঙ্গে। বললেন, ‘দাদার আমলে বানানো প্রেক্ষাগৃহ কোনো ধরনের সংস্কার ছাড়াই চলছে। ধরা যাক, কেউ যদি কোনো দোকান চালু করে, তখন সেটি যদি সুসজ্জিত না হয়, তাহলে সেখানে যত ভালো পণ্য রাখেন না কেন, গ্রাহক যাবে না—এটাই স্বাভাবিক। কারণ, এখনকার মানুষ অনেক স্মার্ট। আমি এখনো জোর দিয়ে বলতে চাই, আমাদের সিনেমার মান ঠিক আছে। হলগুলোই ঠিক নাই।’
তবে এতে অপরের ওপর দায় না চাপিয়ে চলচ্চিত্রের এই অবস্থা পরিবর্তনের জন্য দরকার সমন্বিত উদ্যোগ। পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী, প্রদর্শক সমিতিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে সরকারকেও এগিয়ে আসতে হবে। পর্দায় ফুটিয়ে তুলতে হবে মানুষের গল্প, জীবনের গল্প। তবেই ফিরবে রুপালি পর্দার সোনালি দিন। সেই অপেক্ষাতেই আছে এ দেশের সিনেমাপ্রেমী দর্শক।