নেকাব্বরের মহাপ্রয়াণে মমতাজের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নির্মলেন্দু গুণের আলোচিত কবিতা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিতব্য নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের একটি গানের কণ্ঠ দিলেন ফোক সম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ। গতকাল বৃহস্পতিবার রাতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘সখিরে তোর ঘুম নাই ওই দুই চোখে, এই রাইতের নিথর কান্দন লইয়া বুকে’ শিরোনামের গানটির কথা লিখেছেন চলচ্চিত্রটির পরিচালক মাসুদ পথিক। সুর করেছেন এ সময়ে আলোচিত সুরকার বেলাল খান। যৌথভাবে সংগীত পরিচালনা করেছেন বেলাল খান ও মুশফিক লিটু।গান সম্পর্কে মমতাজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বেশ কিছুদিন পর চলচ্চিত্রের জন্য গাইলাম। গানের কথাটা বেশ ভালো লেগেছে। তা ছাড়া গানটিতে আমি কাজ করেছি তরুণ কিন্তু সম্ভাবনাময় সংগীত পরিচালকের সঙ্গে। আশা করছি শ্রোতারা গানটি বিশেষভাবে গ্রহণ করবেন।’মমতাজ আরও বলেন, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ ছাড়াও আমি কিন্তু অনুদানের আরেকটি চলচ্চিত্রে গান করেছি। ছবিটির নাম “হরিজন”।’উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে অভিনয় করছেন ১৫ জন কবি। এঁরা হলেন—নির্মলেন্দু গুণ, অসীম সাহা, অমিতাভ পাল, সৌমিত্র দেব, বদরুল হায়দার, সনজিব পুরোহিত, মাঈন মজুমদার, সিরাজ এহসান, তারেক মাহমুদ, আনজির লিটন, প্রাণেশ চৌধুরী, দিলদার হোসেন, জহির বাপী, ফয়সাল শাহ, জাহেদ সারওয়ার ও মাসুদ পথিক। ১৫ জন কবির পাশাপাশি নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে অভিনয় করেছেন নবীন-প্রবীণ বেশ কজন অভিনয়শিল্পী। এঁরা হচ্ছেন—চম্পা, প্রবীর মিত্র, মামুনুর রশীদ, সমু চৌধুরী, হেলাল খান, জয়রাজ, লাবন্য লিজা, জুয়েল জহুর, বাদল শহীদ, শেখ শাহেদ আলী, রাজু আহমেদ, সৈয়দ জোবায়ের প্রমুখ।গত মার্চ মাসের ২৬ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।