নেতিবাচক চরিত্রে
‘যত দূর মনে পড়ে, এর আগে কোনো নাটক কিংবা চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে আমি অভিনয় করিনি। এবার করছি। নাটকটির নাম শালিকের ঘাড়ে রোঁ। এ ধরনের চরিত্রে কাজ করতে কিন্তু ভালোই লাগছে।’ বললেন চম্পা। সোমবার ও মঙ্গলবার উত্তরায় তিনি এই নাটকের শুটিং করেছেন। নাটকটি পরিচালনা করেছেন আলভি আহমেদ। তিনি জানান, শালিকের ঘাড়ে রোঁ নাটকটি লিখেছেন আনিসুল হক। গল্পে একটি ঘটনার মধ্য দিয়ে আবুল হায়াতের বাসায় ঢুকে পড়ে চম্পা। এরপর নানা কৌশল খাটিয়ে তিনি বাড়ির সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। শালিকের ঘাড়ে রোঁ তৈরি হচ্ছে ঈদের জন্য। চম্পা জানান, এবার ঈদের জন্য আরও দুটি কাজ করেছেন তিনি। সম্প্রতি দার্জিলিংয়ে টেলিছবি ইস্টার সানডে ইন দার্জিলিং ও নাটক পরাবাস্তব-এর কাজ করে এসেছেন। দুটোই পরিচালনা করেছেন উত্তম গুহ। শালিকের ঘাড়ে রোঁ নাটকে আরও অভিনয় করছেন আবুল হায়াত, সজল, হুমায়রা হিমু ও কাজী রাজু।