নেতিবাচক চরিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি টিভিতে (গাজী টিভি) আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জননী। লিখেছেন শ্যামল ভাদুড়ী, পরিচালনা করছেন শাহাদাৎ হোসেন। নাটকটিতে অভিনয় করছেন মৌসুমী নাগ। কথা হলো তাঁর সঙ্গে। ঈদের নাটকের খবর কী?কাজ করছি। আজ (মঙ্গলবার) ভোরে রাঙামাটি থেকে এলাম। ওখানে একটা নাটকের কাজ করেছি। নাম মন জোছনা। পরিচালক নাজনীন চুমকি। তিনি অভিনয় করেন, নাটক লেখেন। এবারই প্রথম পরিচালনা করলেন। পুরো নাটকে মাত্র দুটি চরিত্র—আমি আর আজাদ আবুল কালাম। ঈদে দেশ টিভিতে প্রচারিত হবে। চমৎকার সব লোকেশনে আমরা শুটিং করেছি। গল্পটিও দারুণ।আপনাকে কিন্তু এক ঘণ্টার নাটক কিংবা টেলিছবিতে তেমন দেখা যায় না।ধারাবাহিকে বেশি কাজ করলে এ সমস্যা হয়। এখন দুটি বড় ধারাবাহিকে আমি কাজ করছি—জননী আর অগ্নিপথ। মাসে অন্তত ২০ থেকে ২২ দিন এ দুটি নাটকের জন্য রেখে দিতে হয়। তারপর অন্য কাজ। নিজের জন্যও কিছু সময় রাখতে হয়। তাই নতুন করে আর কোনো ধারাবাহিক নিচ্ছি না। এখন আবার ঈদের কাজের জন্য সময় দিতে হচ্ছে।‘জননী’ নাটকের কথা বলুন।খুব ভালো একটি গল্প। কিন্তু দর্শক দেখতে পারছে না। কারণ, জি টিভি (গাজী টিভি) চ্যানেল এখনো সারা দেশে ঠিকমতো পৌঁছায়নি। এ নাটকে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। ধনী পরিবারের মেয়ে। বিয়ে হয়েছে এক মধ্যবিত্ত পরিবারে। আমি এ পরিবারের কিছুই মেনে নিতে পারি না। সব বিষয়েই দ্বন্দ্ব তৈরি হয়। একসময় স্বামীকে তার মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে যাই।আর ‘অগ্নিপথ’?একই প্রযোজনা প্রতিষ্ঠানের ধারাবাহিক। এখানে আমি আবার একেবারে জননী নাটকের উল্টো। যথেষ্ট বিপ্লবী। অন্যায় সহ্য করতে পারি না। অনেক সংগ্রাম করে নিজেকে একটা পর্যায়ে তুলে এনেছি। বৈশাখী টিভির এ নাটকটি দর্শক কিন্তু দেখছে। কারণ, অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছি।