
অভিনয়শিল্পী শাহেদ আলী। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন চলচ্চিত্র শঙ্খচিল। গৌতম ঘোষ পরিচালিত এই ছবিতে তাঁকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এদিকে আজ রাতে এটিএন বাংলায় দেখানো হবে ধারাবাহিক নাটক দহন। এতেও অভিনয় করেছেন তিনি।
‘শঙ্খচিল’ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন?
এটা আমার জন্য কর্মশালা বলতে পারেন। এই ছবির বদৌলতে বড় মাপের অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাঁদের সবার কাছ থেকে কিছু না কিছু শিখেছি। যদিও এই ছবিতে আমার চরিত্রের উপস্থিতি খুব অল্প সময়ের। তারপরও আমি পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে সমান মূল্যায়ন পেয়েছি।
এই ছবিতে তো আপনাকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করেছি। সাংবাদিকতার তেমন কোনো অভিজ্ঞতাই আমার ছিল না। তাই সাতক্ষীরায় শুটিং শুরুর আগে এক দিন স্থানীয় একজন সাংবাদিকের সঙ্গে থেকেছি। সাংবাদিকতার খুঁটিনাটি বিষয় সম্পর্কে তাঁর কাছ থেকে ধারণা নিয়েছি। এরপর কাজ শুরু করেছি।
আপনি ইদানীং চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন?
ঠিকই ধরেছেন। আমি চলচ্চিত্রে ব্যস্ত হতে চাই। চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে কাজ করতে চাই। আমার কেন যেন মনে হয়, তাতেই আমি ভালো করব।
নতুন চলচ্চিত্রের খবর?
সামনে অজ্ঞাতনামা নামের একটি চলচ্চিত্র মুক্তি পাবে। তৌকীর ভাই (তৌকীর আহমেদ) পরিচালিত এই ছবিতে আমাকে অন্যরূপে দেখা যাবে। শুনলাম, মুক্তির আগেই অজ্ঞাতনামা ইতালির একটি চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রণ পেয়েছে। একজন অভিনেতা হিসেবে এই ব্যাপারটি আমার জন্য অনেক বেশি আনন্দের। এ ছাড়া কাজ করছি আকা রেজা গালিবের কালের পুতুল এবং গিয়াসউদ্দীন সেলিমের স্বপ্নজাল চলচ্চিত্রে।
আজ তো ‘দহন’ নাটকের ১৫০তম পর্ব প্রচারিত হবে...
এটা খুবই আনন্দের সংবাদ। এই নাটকটি আমার খুব পছন্দের। এতে আমি কিলার চরিত্রে অভিনয় করেছি। পরিচালক অরণ্য আনোয়ার আমাকে চ্যালেঞ্জ হিসেবে এই চরিত্রটি করতে দিয়েছেন, আমিও তা সাদরে গ্রহণ করেছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের