
২০ ফিট ফ্রম স্টারড
৮৬তম অস্কারে প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি (ফিচার) ক্যাটাগরিতে প্রখ্যাত মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা মরগান নেভিল পরিচালিত ও গিল ফ্রিসেন প্রযোজিত ২০ ফিট ফ্রম স্টারডম-এর কপালেই শিকে ছিঁড়েছে। এ বিভাগে বাকি চারকে হারিয়ে নেভিল-ফ্রিসেনের হাতেই উঠেছে এবারের অস্কার। ৯০ মিনিটের প্রামাণ্যচিত্রটি প্রথম মুক্তি পায় ২০১৩ সালের ১৭ জানুয়ারি। এটি নির্মিত হয়েছে ব্যাকআপ সিঙ্গার বা নেপথ্য সংগীতশিল্পী ও তারকা গায়কদের জীবনের পেছনের ঘটনা নিয়ে। এতে অংশ নিয়েছেন ডারলিন লাভ, জুডিথ হিল, টাটা ভিগার মতো বিখ্যাত গায়কেরা। প্রামণ্যচিত্রটির বাজেট ছিল প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া মনোনয়ন পেয়েছিল
দি অ্যাক্ট অব কিলিং (ইন্দোনেশিয়া)
জোসুয়া ওপেনহেইমার পরিচালিত দি অ্যাক্ট অব কিলিং প্রামণ্যচিত্রটি নির্মিত হয়েছে ১৯৬৫-৬৬ সালে ইন্দোনেশিয়ায় কমিউনিস্ট-বিরোধী অভিযানে পাঁচ লাখ মানুষ হত্যা করাকে কেন্দ্র করে। স্থানীয় ভাষায় ছবিটির নাম জাগা, যার অর্থ কসাই। ১১২ মিনিটের প্রামাণ্যচিত্রটি প্রথম মুক্তি পায় ২০১২ সালের ৩১ আগস্ট। ছবিটি প্রযোজনা করেছেন সিগনে সরেনসেন। অস্কার না পেলেও প্রামাণ্যচিত্রটির কপালে জুটেছে বহু পুরস্কার। পেয়েছে ২০১৩ ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার, দি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ড-২০১৪ প্রভৃতি।

ডার্টি ওয়ার্স (যুক্তরাষ্ট্র)
অনুসন্ধানী সাংবাদিক জেরেমি স্কাহিলের বই ডার্টি ওয়ার্স: দ্য ওয়ার্ল্ড ইজ আ ব্যাটলফিল্ড অবলম্বনে নির্মিত ডার্টি ওয়ার্স প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন রিচার্ড রোওলি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্কাহিল ও ডেভিড রিকার। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্কাহিল ঘুরেছেন আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া প্রভৃতি দেশে। এসব দেশ মার্কিন আগ্রাসনের শিকার। আফগানিস্তানে যৌথ অভিযান চলার সময় দুই অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচ বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা উঠে এসেছে প্রামাণ্যচিত্রে। ৮৬ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি প্রথম মুক্তি পায় ২০১৩ সালের ১৮ জানুয়ারি।
দ্য স্কয়ার (মিসর-যুক্তরাষ্ট্র)
মিসরীয়-আমেরিকান প্রামাণ্যচিত্রটির পরিচালক জেহানে নউজায়েম। ২০১১ সালে মিসরের তাহরির স্কয়ারে সেই ঐতিহাসিক বিপ্লবের চিত্রই তুলে ধরা হয়েছে এতে। ১০৮ মিনিটের প্রামাণ্যচিত্রটি প্রথম মুক্তি পায় ২০১৩ সালের ১৮ জানুয়ারি, সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। আরবি ও ইংরেজি—এই দুই ভাষায় নির্মিত প্রামাণ্যচিত্রটি মুক্তি দেওয়া হয়েছে মিসর ও যুক্তরাষ্ট্রে।
কিউটি অ্যান্ড দ্য বক্সার (যুক্তরাষ্ট্র)
জাকারি হেইনজার্লিং পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্রটি প্রখ্যাত জাপানি চিত্রশিল্পী উশিয়ো শিনোহারা ও তাঁর স্ত্রীকে কেন্দ্র করে নির্মিত। ৮২ মিনিট দৈর্ঘ্যের ডকুফিল্মটি প্রথম মুক্তি দেওয়া হয় ২০১৩ সালের ১৯ জানুয়ারি, সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। এরপর আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় ১৬ আগস্ট। ইংরেজি ও জাপানি ভাষায় নির্মিত প্রামাণ্যচিত্রটি বক্স অফিসে গত বছর সাড়া ফেলে বেশ।
গ্রন্থনা: রানা আব্বাস