নেপাল ও ভারতে যাচ্ছে ‘অপেক্ষমাণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্যসম্প্রদায়ের আলোচিত নতুন নাটক অপেক্ষমাণ দুটি দেশে আমন্ত্রণ পেয়েছে। আগস্টের শেষের দিকে ভারতে এবং নভেম্বরের শেষের দিকে নেপালে নাটকটি মঞ্চস্থ হবে। দল সূত্রে জানা গেছে, আগস্টের শেষের দিকে কলকাতার বিখ্যাত থিয়েটার-পুরোধা বিভাস চক্রবর্তীর নাটকের দল অন্য থিয়েটারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব। এই উৎসবে ৩১ আগস্ট কলকাতার ফাইন আর্ট মঞ্চে উদ্বোধনীতে অপেক্ষমাণ নাটকটি মঞ্চস্থ হবে। নাগরিক নাট্যসম্প্রদায়ের ৪২তম প্রযোজনার এ নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক আর নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাটকটি হেনরিক ইবসেনের এ ডলস হাউস, অ্যান এনিমি অব দ্য পিপল এবং সৈয়দ শামসুল হকের ঈর্ষা নাটকের তিনটি মুখ্য চরিত্রের সমন্বয়ে রচিত। এদিকে নেপালের কাঠমান্ডুতে ১৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠেয় কাঠমান্ডু আন্তর্জাতিক নাট্যোৎসবে আমন্ত্রণ এসেছে অপেক্ষমাণ নাটকটির। ২ ডিসেম্বর নাটকটি মঞ্চস্থ হবে। নেপালে আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজন করেছে সেখানকার প্রথম সারির নাটকের দল আরোহণ থিয়েটার গ্রুপ। দুটি দেশে নাটকটির আমন্ত্রণ প্রসঙ্গে নির্দেশক আতাউর রহমান বলেন, ‘বাংলাদেশে নাটকটির মাত্র ছয়টি প্রদর্শনী হয়েছে। ইতিমধ্যে দর্শকদের মধ্যে নাটকটির আলোচনাও চলছে। এ কারণেই খুব অল্প সময়ের মধ্যে দেশের বাইরে নাটকটির চাহিদা দেখা গেছে। দুটি দেশে নাটকটি যাবে, এটা আমার দলের জন্য খুবই প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, খুবই অন্য ধরনের নাটক এটি। ইবসেন পাশ্চাত্যের নাট্যকার আর সৈয়দ শামসুল হক প্রাচ্যের। দুই নাট্যকারের মেলবন্ধন হয়েছে নাটকটিতে। যা দেশের বাইরের দর্শকের কাছেও নতুন মাত্রা যোগ করবে।অপেক্ষমাণ নাটকটিতে অভিনয় করেছেন অপি করিম, পান্থ শাহিরয়ার ও আতাউর রহমান। নাসিরুল হক প্রযোজনাটির কারিগরি নির্দেশকের দায়িত্ব পালন করছেন। নাটকটি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইবসেন উৎসবে প্রথম মঞ্চায়িত হয়। এই উৎসব অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ১২-২২ নভেম্বর মাসে। এ পর্যন্ত ঢাকাতে নাটকটির ছয়টি প্রদর্শনী হয়েছে।