নেপালে নিরাপদে আছেন বাংলাদেশের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পের আগে শ্যুটিংয়ের ফাঁকে সেলফি তুলেছেন হলিডে নাটকের কলাকুশলীরা।
ভূমিকম্পের আগে শ্যুটিংয়ের ফাঁকে সেলফি তুলেছেন হলিডে নাটকের কলাকুশলীরা।

‘আমরা সবাই ভালো আছি। আমাদের পুরো ইউনিটও ঠিকঠাক আছি।’-আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দেন অভিনেত্রী রুনা খান। অবশ্য এর আগেই তাঁর ওয়ালে শুভাকাঙ্ক্ষীরা জানতে চেয়েছেন, তাদের সর্বশেষ অবস্থা। রুনা খানসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী অবস্থান করছেন নেপালে। আর আজই দেশটিতে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

তবে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই কলাকুশলীর দলটি। বর্তমানে নেপালের নাগরকোটে অবস্থান করছেন শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, কল্যাণ, রাখিসহ ছয়জনের একটি দল। তাঁরা চ্যানেল আইয়ের জন্য বানানো হলিডে নামের একটি ধারাবাহিকের কাজের জন্য ২০ এপ্রিল সেখানে যান। টানা কয়েক দিন শুটিংও করেন তাঁরা। আজ সকালে নাগরকোটের পাহাড়ি এলাকায় শুটিং শুরু করার পর তাঁরা টের পান ভূমিকম্প হচ্ছে।

নাগরকোট থেকে মুঠোফোনে জয় প্রথম আলোকে বলেন, ‘শনিবার সকালে আমরা নাগরকোট এলাকার একটি পাহাড়ে শুটিং করছিলাম। হঠাৎ টের পেলাম ভূমিকম্পের। মুহূর্তের মধ্যেই সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি।’

অভিনেতা কল্যাণ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

চ্যানেল আইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান বলেন, ‘আমরা খবর নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।’

হলিডে নাটকটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়।