নেপালে মৃত্যুর প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের ভূমিকম্প নিয়ে আবীর আবদুল্লাহর একক প্রদর্শনীর দুটি ছবি l প্রথম আলো
নেপালের ভূমিকম্প নিয়ে আবীর আবদুল্লাহর একক প্রদর্শনীর দুটি ছবি l প্রথম আলো

খাবারের থালা আর গ্লাসটা আছে ঠিক জায়গায়। কিন্তু চারপাশে ভূমিকম্পের ধসচিহ্ন—মাটি, ইট ও বালু। চিত্রক গ্যালারির একটি নিস্তব্ধ ঘরে এমনটাই দেখা গেল গত শুক্রবার। ২৫ এপ্রিল ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। কেঁপে উঠেছিল বাংলাদেশও। ভূমিকম্পের পর নেপালে টানা আট দিন ছবি তুলেছেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ। সেসব ফ্রেমবন্দী মুহূর্ত নিয়ে আয়োজন করেছেন ‘নেপাল-রেজিলিয়েন্স অ্যান্ড রিজনস’ নামের প্রদর্শনী।
প্রদর্শনীতে ঢুকতেই ধ্বংসস্তূপ আর ক্ষয়ক্ষতির ছবি। ছবিগুলো দেখতে দেখতে যত এগোবেন, ততই আপনি নির্বাক হয়ে যাবেন। দেখবেন, মেঝেতে রাখা শিবের ভাঙা মূর্তি। আবার পরদিনের ছবিতেই দেখবেন সেই ভাঙা মূর্তিতেই দেওয়া হয়েছে পূজার জবা, সিঁদুর। জীবন কখনো থেমে থাকে না। বিধ্বস্ত নগরের একটি বিয়েবাড়ির আয়োজনও এড়িয়ে যায়নি আবীর আবদুল্লাহর চোখ। দেয়ালে রয়েছে একটি ব্রাশ, মেঝেতে এক জোড়া জুতো—যা নিয়ম করা জীবনের গল্প বলে। কিন্তু সব রয়েছে ধ্বংসস্তূপের ভেতরে। বাজছে শ্মশানঘাটের গীত, যা নেপাল থেকে ধারণ করা হয়েছিল। প্রদর্শনীটির কিউরেটর অনিন্দ্য কবির অভিকের অভিজ্ঞতার প্রতিচ্ছবি এই প্রদর্শনীতে স্পষ্ট।
প্রদর্শনী নিয়ে আলোকচিত্রী আবীর আবদুল্লাহ বলেন, ‘আমাদের দেশের মানুষ তুলনায় নেপালের মানুষের মনোবল খুবই শক্ত। আত্মীয়স্বজন হারানোর বেদনা কাটিয়ে আবার নতুন জীবনের জন্য প্রস্তুতি ও সরল বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে।’
প্রদর্শনীর উদ্বোধন করেন ক্যামেরার কবি নাসির আলী মামুন, কবি রবিউল হোসেন ও অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরোপ্রধান জুলহাস আলম। ৯৫টি ছবির প্রদর্শনী চলবে ১১ জুন পর্যন্ত।